স্বজনহারাদের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠানে গড়াগড়ি খেয়ে মা মনোয়ারা বেগমের জন্য বিলাপ করছিলেন মেয়ে মমতাজ বেগম। পাশেই আমেনা বেগমের জন্য বুক চাপড়ে আহাজারি করছিলেন তাঁর ছেলে মিজানুর রহমান। তাঁদের সান্ত্বনা দেওয়ার যেন কেউ নেই। গতকাল সোমবার স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ গ্রাম।গত রোববার বিয়ে-পরবর্তী অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাস সড়কের পাশের খালে পড়ে এই গ্রামের আটজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন: জয়নাল আবেদিন, তাঁর স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে রহিমা বেগম। অন্যরা হলেন: হারুনুর রশিদ, আমেনা বেগম, তাছলিমা বেগম, রাজিয়া সুলতানা ও মনোয়ারা বেগম।দুর্ঘটনায় বেঁচে যাওয়া নুরুল আমিন জানান, নোয়াগাঁ গ্রামের মিয়াজি বাড়ির হাফেজ আহাম্মদের মেয়ে কুসুমের সঙ্গে শুক্রবার ফরিদগঞ্জের পাটোয়ারী বাড়ির মহসীন হোসেনের বিয়ে হয়। গত রোববার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে বউ-ভাত অনুষ্ঠানে যান। সেখান থেকে বিকেলে তিনিসহ ১৮ জন একটি মাইক্রোবাসে করে নোয়াগাঁর দিকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘রোববার বিকেল থেকে গ্রামে চলছে আহাজারি। এ গ্রামে একসঙ্গে এত মানুষের মৃত্যু আগে কখনো হয়নি।’বেঁচে যাওয়া যাত্রীরা অভিযোগ করেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা মাইক্রোবাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী নূর হোসেন। বেঁচে যাওয়া যাত্রী রুহুল আমিন জানান, যাত্রার শুরু থেকেই নূর হোসেন এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। ওই সড়কে যানবাহনের কোনো চাপ ছিল না।রামগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, মাইক্রোবসটি চালিয়েছে চালকের সহকারী নূর হোসেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’