স্বজনহারাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশীতিপর বৃদ্ধা হাবি মাতব্বর। ছোটখাটো শারীরিক গড়নে বয়সের ছাপ স্পষ্ট। গুছিয়ে কথা বলতে পারেন না। বার্ধক্যজনিত নানা রোগ বাসা বেঁধেছে শরীরে। কথা বলার সময়ই বোঝা যায় তাঁর শ্বাসকষ্টজনিত জটিলতা আছে। কিন্তু কোনো কিছুই তাঁকে ঘরে আটকে রাখতে পারে না। একটি দুর্ঘটনা বারবারই তাঁকে টেনে আনে মাদারীপুর থেকে সাভারে। দুর্ঘটনাস্থল রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে।
দুই বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে প্রাণ গেছে হাবি মাতব্বরের মেয়ে শাহিনুর বেগমের। গত বুধবার ভরদুপুরে সেই ধ্বংসস্তূপের সামনেই কথা হয় তাঁর সঙ্গে। পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, যার গাঢ় রংও মলিন হয় তাঁর চোখের জলের কাছে।
কথায় কথায় জানা গেল, দুই বছর আগেও বহুবার তিনি সাভার এসেছেন, তাতে ছিল বুক ভরা আনন্দ। চাকরিসূত্রে স্বামী-একমাত্র নাতনিকে নিয়ে সাভারে বসবাস করতেন শাহিনুর। মেয়ের সেই সংসারে আসতেন, নাতনির সঙ্গে কাটত মধুর সময়। সবকিছুই এখন তছনছ। রানা প্লাজা কেড়ে নিয়েছে মেয়ের জীবন।
কথায় কথায় হাবি মাতব্বর জানান, মানসিক প্রশান্তি খুঁজতে তাই সময় পেলেই ছুটে আসেন রানা প্লাজার ওই জায়গায়। নিজের মতো করে সময় কাটিয়ে আবার ফিরে যান। বয়স ও শারীরিক কারণে সব সময় আসা হয়ে ওঠে না। তবে গত দুবারের দুর্ঘটনার বর্ষপূর্তির দিনগুলোতে উপস্থিতি ছিল নিশ্চিত।
হাবি মাতব্বরের মতো পঞ্চাশোর্ধ্ব রাহেলা বেগমও আসেন। তবে মাঝেমধ্যে নয়, নিয়ম করে প্রতিদিন সকাল-বিকেল দুবার। সাভারের ব্যাংক কলোনি এলাকাতেই থাকেন রাহেলা। রানা প্লাজায় প্রাণ গেছে তাঁর ছোট ছেলে ফজলে রাব্বির। ধসে পড়া ওই ভবনের পঞ্চম তলায় সুইং আয়রন ম্যান হিসেবে কাজ করতেন তাঁর ছেলে। ঘটনার তিন দিন পর ছেলের লাশ বুঝে পান তিনি। বছর, মাস, ঘণ্টার হিসাবে দুই বছর দীর্ঘ সময়। কিন্তু রাহেলা বেগমের কাছে তা নয়। কথায় কথায় বললেন, ‘এই তো সেদিন আমার ছেলেটা এখানে কাজে আসত নিয়মিত।’ আর প্রতিদিন সেখানে রাহেলা আসেন ছেলের স্মৃতি বুকে নিয়ে, শোক ভুলতে।
আরেক মা সাজেদা আসেন মেয়ে খালেদার কবরের সন্ধানে। লাশ তো দূরে থাক, দুই বছরেও তিনি মেয়ের কবরটি খুঁজে পাননি। যদি কারও সহায়তায় অন্তত মেয়ের কবরের সন্ধান পাওয়া যায়, সেই আশায় প্রায় নিয়মিতই ঘটনাস্থলে আসেন সাজেদা।
দুর্ঘটনার দুই বছর পরও এখনো এ রকম অসংখ্য পরিবারের দেখা মেলে। হাতে খাতা-কলম দেখে ভরদুপুরেও দূর-দূরান্ত থেকে আসা স্বজনহারাদের ভিড়টা বাড়তেই থাকে। একেকজনের মুখে একেকটি পরিবারের করুণ গল্প। সবই হারানোর। প্রাপ্তি শুধু প্রাণের বিনিময়ে পাওয়া কিছু অর্থ। তাতেও বৈষম্য। সেখানেও হতাশা, ক্রন্দন। প্রশ্নের আগেই একেকজনের দাবি জোরালো হয়, কেউ চান কাজ, কেউ চান বেঁচে থাকার একটু সহায়। আর সম্মিলিত দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি।
মাস যায়, কেটে যায় বছর। স্বজনহারাদের কান্না থামে না। পূরণ হয় না চাওয়াগুলো। তবুও তাঁদের প্রতীক্ষা। কে জানে? সন্তানতুল্য ভেবে হয়তো তাই রাহেলার চোখের জল ভিজিয়ে দিয়ে যায় এই প্রতিবেদকের পোশাকও। ফেরার তাড়ায় এ প্রতিবেদককে ফিরতে হয় সেই কান্নার স্মৃতি নিয়ে। কিন্তু ফেরেন না স্বজনহারারা।