স্বজনের কান্না কিছুতেই থামছে না

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র খালিদ সাইফুল্লাহর মা-বাবা, ভাইবোন, সহপাঠী-স্বজনদের কান্না কিছুতেই থামছে না।
আজ সোমবার বেলা তিনটার দিকে খালিদের মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাংগা গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একটি বাসে করে আসেন তাঁর সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দলও আসেন। এ সময় স্বজন-সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
নিহত খালিদের মা ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, ছেলের সঙ্গে গত শুক্রবার মোবাইল ফোনে শেষ কথা হয়। আর বড় দুই বোন সুরাইয়া আক্তার ও ফাতেমা আক্তার ভাই হত্যার বিচার চাইলেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে খালিদ ছিল তৃতীয়।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খালিদ সাইফুল্লাহর জানাজা হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক ও সহপাঠীরা অংশ নেন। তখন জানানো হয়, খালিদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে।