স্বজনের খোঁজে এখনো নিশ্চিন্তপুরে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীমা আক্তার ও জাকারিয়া ঢাকায় এসেছে মা-বাবার খোঁজে। ওদের বাবা শাহীন মিয়া আর মা জান্নাতুল তাজরীন ফ্যাশনসের শ্রমিক। অগ্নিকাণ্ডের পর থেকে তাঁদের কোনো খোঁজ নেই। শামীমা চতুর্থ শ্রেণীতে আর তার ভাই প্রথম শ্রেণীতে পড়ে। বাবা-মা ছাড়া ওদের আপন বলতে কেউ নেই। রংপুর থেকে এক আত্মীয়র সঙ্গে ওরা ঢাকায় এসেছে। শিশু দুটির সঙ্গে ছিলেন দূরসম্পর্কের মামা বদরুজ্জামান। তিনি বলেন, এরা রংপুরের মিঠাপুকুরের লতিফপুরে নানা-নানির সঙ্গে থাকে। অগ্নিকাণ্ডের পর মেয়ে-জামাইকে খুঁজতে তাদের নানি হাবিবা আশুলিয়ায় এসেছিলেন। খোঁজ না পেয়ে ফিরে যান। ওদের একমাত্র মামা কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি বৃহস্পতিবার শিশু দুটিকে আশুলিয়ায় নিয়ে আসেন।আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের আশপাশে শামীমা-জাকারিয়ার মতো অনেকেই খুঁজে ফিরছে আপনজনকে। পাশেই বেসরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে প্রতিদিন তারা ভিড় করছে। সাংবাদিক পরিচয় পেতেই নিখোঁজ স্বজনের ছবি বা শেষ চিহ্নটুকু হাতে ছুটে আসছে মানুষগুলো। কেউ বাবা, কেউ মেয়ে, কেউ স্বামী বা স্ত্রী, কেউ খুঁজছে ভাইকে। কিন্তু নিখোঁজ মানুষগুলোর পরিচয় বা তালিকা করার কোনো উদ্যোগ নেই পুলিশ, উপজেলা প্রশাসন বা বিজিএমইএর। কয়েকটি বেসরকারি সংস্থা ও শ্রমিক সংগঠন তালিকা করার কাজ করছে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন সরদার গতকাল নিশ্চিন্তপুরে এসেছিলেন। জানতে চাইলে তিনি বলেন, তাঁদের কাছে ৬০ থেকে ৭০ জন আহত ব্যক্তির একটা তালিকা এসেছে। নিখোঁজ ব্যক্তিদের কোনো হিসাব নেই। তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১১১। এর মধ্যে ৫৭টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৫৩টি মৃতদেহ শনাক্ত করা যায়নি, জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।তাজরীনে আগুন লাগার পর আশুলিয়া থানায় নিখোঁজ হওয়ার বিষয়ে ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানালেন পুলিশের উপপরিদর্শক মীর বিল্লাল হোসেন।বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ঘটনার পর তাঁরা তাজরীন ও আশপাশের এলাকায় শ্রমিকদের বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজের তালিকা করতে পেরেছেন। কাজ এখনো চলছে।বেসরকারি সংস্থা কর্মজীবী নারীর সহ-সমন্বয়কারী সুলতানুল আজম বলেন, গত বুধবার আশপাশের এলাকায় ঘোষণা দিয়ে নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি তালিকা প্রণয়নের কাজ শুরু করেন তাঁরা। এখন পর্যন্ত তাঁরা ৩৮ জন নিখোঁজের তথ্য পেয়েছেন। এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি।তবে বিজিএমইএর পরিচালক আবদুল আহাদ আনসারী বলেন, তাঁদের কাছে নিখোঁজ ব্যক্তিদের কোনো সঠিক পরিসংখ্যান নেই। গত বুধবার বিজিএমইএতে এক সভায় তাজরীনের মালিকপক্ষ থেকে জানানো হয়েছিল, ওই দিন কারখানায় এক হাজার ১৩৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। ৩২ জন অনুপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে আড়াই শর বেশি শ্রমিকের ছুটি হয়ে যায়।