স্বজনের খোঁজে নদীতীরে অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মোরেলগঞ্জ ফেরিঘাটে গতকাল ভিড় করেন স্বজনেরা l প্রথম আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মোরেলগঞ্জ ফেরিঘাটে গতকাল ভিড় করেন স্বজনেরা l প্রথম আলো

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সকালের ওই ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ এখনো অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে নদীতীরে ভিড় করেছেন স্বজনেরা।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মোরেলগঞ্জ পুরাতন থানা ঘাটে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপর মা-মেয়েসহ চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার উত্তরে পানগুছি নদের শ্রেণীখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় রিমা বেগম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রিমা উপজেলার পুঁটিখালি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে।
এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ থাকা ১৭ জন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাছিকাটা গ্রামের আবদুল মজিদ, নাসির শেখের ছেলে মো. নাজমুল, বারইখালী গ্রামের মো. বশিরের স্ত্রী মোসাম্মাৎ লাবণী, আলতিবুরুজবাড়ীয়া গ্রামের মো. সুলতান, গোপালপুর গ্রামের তবিবুর রহমানের স্ত্রী মুন্নি বেগম, খাউলিয়া গ্রামের কালামের স্ত্রী খাদিজা, বাঁশবাড়ীয়া গ্রামের আলম চাপরাশির স্ত্রী সালমা, তাঁর ১৮ মাস বয়সী সন্তান সাজ্জাদ, কালিকাবাড়ী গ্রামের আবদুর রফিক, উত্তর সুতালড়ী গ্রামের আবদুল আজিজের স্ত্রী কামরুন্নেছা, পুটিখালী গ্রামের হালিম হাওলাদারের মেয়ে রীমা আক্তার, বুরুজবাড়ীয়া গ্রামের আবদুল গফ্ফার হাওলাদারের ছেলে মো. আনছার হাওলাদার, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের মো. বাচ্চু বাদশার ছেলে রাহাত বাদশা, একই উপজেলার খজুরবাড়ীয়া গ্রামের মো. শহিদের স্ত্রী নাছিমা, রায়েন্দা বাজার এলাকার সামছুল হুদার ছেলে আবির আল শামস্, মো. মহসীনের ছেলে মো. হাবিব ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের খলিল তালুকদারের স্ত্রী নাসরিন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে নদীর তীরে গতকাল ভিড় করেন স্বজনেরা। উদ্ধারকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি নিজেরাও ট্রলার নিয়ে নদীতে খুঁজে ফিরছেন স্বজনদের।
মোরেলগঞ্জ ফেরিঘাটে ভাইয়ের স্ত্রী ও তাঁর ১৮ মাস বয়সী শিশুসন্তানের খোঁজে এসেছেন উপজেলার ভাসানদল গ্রামের মিজানুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে আমার ভাবি সালমা বেগম তাঁর ছেলে সাজ্জাদকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ট্রলারডুবির পর থেকে আমরা পরিবারের লোকজন তাঁদের খোঁজাখুঁজি করছি। জীবিত উদ্ধারের আর আশা দেখি না। সকাল থেকে আমরা লাশের খোঁজে নদীতে ঘুরছি।’
আরেক নিখোঁজ ব্যক্তির স্বজন শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা মো. শাহজাহান বলেন, বাগেরহাট থেকে তাঁর ভাবি রোকেয়া বেগম ও ভাতিজা স্থানীয় রায়েন্দা পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আবির আল শামস (১৫) বাড়ি ফিরছিলেন। ট্রলারডুবির পর ভাবি সাঁতরে তীরে উঠতে পারলেও ভাতিজার কোনো খোঁজ নেই। ট্রলার ভাড়া করে তিনি ভাতিজার সন্ধান করছেন বলে জানালেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার গতকাল বলেন, সকাল থেকে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা চারটি দলে ভাগ হয়ে পানগুছি নদের বদনীভাঙ্গা থেকে ফুলহাতা পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। এ ছাড়া নৌবাহিনীর দুটি ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে দুই পাশের ১০ কিলোমিটার জুড়ে তল্লাশি করা হচ্ছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান বলেন, যাঁরা নিখোঁজ হয়েছেন তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ট্রলারটির স্বাভাবিক ধারণক্ষমতা ৪০ থেকে ৪৫ জন। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, ৭০ থেকে ৮০ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাইকে দায়ী করা হচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার কারণ জানতে মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশিদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির সদস্য মোরেলগঞ্জের ইউএনও মো. ওবায়দুর বলেন, আগামীকাল (আজ) বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে গতকাল দুপুরে মোরেলগঞ্জ বাজারের ট্রলারডুবির ঘটনায় কাপুড়ের পট্টি এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা পানগুছি নদে চলাচলকারী নৌযানগুলোর নদী পারাপারের সময় গতি কমিয়ে চালানো এবং নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান।