স্বজনের মরণব্যাধি তাদের শরীরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যপ্রবাসী স্বামী দ্বিতীয়বারের মতো দেশে ফেরার পর আনন্দ আর ধরে না পরিবারটিতে। তবে এবারের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। অসুস্থ হয়ে পড়েন স্বামী। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তাঁর শরীরে এইচআইভি ভাইরাস বাসা বেঁধেছে। পরীক্ষা করা হলো স্ত্রী ও মেয়েরও। তাঁরাও ইতিমধ্যে এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন।
এভাবে স্বামীর মাধ্যমে এইডস রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৫০ নারী এখন ধুঁকছেন। একইভাবে মা-বাবার মাধ্যমে জন্মগতভাবে এইচআইভি ভাইরাস বহন করছে এমন শিশু এখন ২৪ জন। বিশ্বে এইডস আক্রান্ত ৯০ ভাগ শিশু বাবা-মায়ের মাধ্যমে জন্মগতভাবে এই রোগ পেয়ে থাকে। তবে চট্টগ্রামে এই হার শতভাগ। ২৪ শিশুই জন্মগতভাবে এই ভাইরাস বহন করছে।
এ প্রসঙ্গে চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘বেশির ভাগ মধ্যপ্রাচ্য থেকে এই রোগ বহন করে নিয়ে আসা হয়। তাঁদের মাধ্যমে স্ত্রী এবং পরে সন্তানেরা জন্মগতভাবে রোগটি পায়। এইডস আক্রান্ত দম্পতি সন্তান নিতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এগুলো করলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।’
চট্টগ্রামে বর্তমান আশার আলো সোসাইটি (এএএস) এবং হোপ নামে দুইটি প্রতিষ্ঠান এইচআইভি বা এইডস আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এএএসে বর্তমানে ২০৫জন এবং হোপে ২৪৮ জন সদস্য রয়েছে। এর মধ্যে ২৪ জন শিশু এবং প্রায় ১৫০ নারী রয়েছেন।
আশার আলো সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী আরিফুর রহমান জানান, চলতি বছর মোট ৪০ জন নতুন এইচআইভি আক্রান্ত এসেছেন। তার মধ্যে ১৭ জন নারী ও দুজন শিশু। নারীদের বেশির ভাগ তাঁদের স্বামী এবং শিশুরা জন্মগতভাবেই এটা পেয়েছে।
শিশুদের এই ঝুঁকি থেকে মুক্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে পিএমটিসিটি নামে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এইডস আক্রান্ত দম্পতিকে বাচ্চা নেওয়ার আগে-পড়ে চিকিৎসা ও কাউন্সেলিং করা হবে, যাতে আগত শিশুটি এই রোগমুক্ত থাকে।
ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পটি এখন শুরু হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল গনি প্রকল্পটির পরিচালক।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আলী হোসেন বলেন, ‘সারা বিশ্বে মোট এইডস রোগীর ১৪ শতাংশ শিশু। এদের ৯০ ভাগেরও বেশি মাতৃগর্ভে এই রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে আসে। পিএমটিসিটি প্রকল্পের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সেবা দেওয়া গেলে এইডসে আক্রান্ত দম্পতির অনাগত শিশুর এইডস ঝুঁকি ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব।’