বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে বসে আছেন জান্নাতুল ফেরদৌস। তাঁর ছোট ভাই বশির আহমেদ যৌতুকের মামলায় ছয় মাস ধরে কারাগারে আছেন। গত বুধবার ভাইয়ের জামিন আবেদন মঞ্জুর হয়। ভাই কখন কারাগার থেকে বের হবে, সেই প্রতীক্ষায় কারা ফটকের সামনে বসে আছেন তিনি। কারাগার থেকে ভাইকে বের হতে দেখে তিনি খুশিতে কেঁদে ফেলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঘরে মা নেই। বাবা ও ভাইকে নিয়ে এবার ঈদ করব।’
স্বজনদের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দীদের অনেকে জামিনের আবেদন করেছেন। যাঁদের জামিন হয়েছে তাঁরা কারাগার থেকে ছাড়া পেয়ে খুশিমনে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদের আগে জামিনের আবেদন বেশি আসে আদালতে।
জাল নোট উদ্ধারের ঘটনায় পুলিশের করা মামলায় গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন মো. সেকান্দর ওরফে সোর্স সেকান্দর। এই মামলায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে স্বামীর জামিনের আবেদন করেন স্ত্রী মনি আক্তার। কিন্তু জামিন আবেদন নাকচ হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যান তিনি।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, জামিনের আবেদন করা আসামির অধিকার। দেওয়া না-দেওয়া আদালতের এখতিয়ার। তবে চুরি, ছিনতাই, ডাকাতি, জাল টাকার মামলার আসামি ও সন্ত্রাসীদের জামিনের আবেদন নাকচ করছেন আদালত।
গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৬০ জন বন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিন পাওয়াদের বেশির ভাগই যৌতুক, মারামারি ও মাদক মামলার আসামি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ইকবাল কবির প্রথম আলোকে বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করবেন, এই আশায় কারাগারে আটক বেশির ভাগ বন্দী জামিনের আবেদন করেছেন। গত চার দিনে জামিনে মুক্তি পেয়েছেন অনেক বন্দী। সপ্তাহ খানেক আগে দিনে গড়ে ৫০ থেকে ৬০ জন বন্দী মুক্তি পেলেও এখন ১৪০ থেকে ১৬০ জন বন্দী মুক্তি পাচ্ছেন। তবে কোনো শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি জামিন পাননি। জামিন পাওয়াদের বেশির ভাগ যৌতুক, মারামারি ও ছোটখাটো মাদক মামলার আসামি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম বলেন, গত বুধবার কারাগার থেকে জামিনে মুক্তি পান ১১৫ বন্দী। বৃহস্পতিবার পান ১৪৯ জন ও শুক্রবার ১৬০ জন।