স্বজনেরা নিজামীর সঙ্গে দেখা করে বেরিয়ে গেছেন
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তাঁর স্বজনেরা। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নিজামীর সঙ্গে তাঁরা সাক্ষাৎ করে বেরিয়ে যান। এর আগে রাত পৌনে আটটায় তাঁরা মূল ফটক দিয়ে কারাগারে ঢোকেন।
বাইরে বেরিয়ে স্বজনেরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। নিজামীর আইনজীবী মোস্তফা শাকিল বলেছেন, তাঁর কোনো প্রতিক্রিয়া নেই। তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থাকা আমাদের নিজস্ব প্রতিবেদক বলেন, সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের মধ্য থেকে পরিবারের কয়েকজন সদস্য গণমাধ্যমের দিকে বিজয়সূচক চিহ্ন ‘ভি’ প্রদর্শন করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে। সরকার বলছে, যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করতে তারা প্রস্তুত আছে।
পৌনে আটটার দিকে তিনটি মাইক্রোবাসে করে পরিবারের ২১ জন সদস্য কারাগারের ফটকে আসেন। এরপর তাঁরা ভেতরে ঢোকেন।
এদিকে কেন্দ্রীয় কারাগারের আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারের আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। লোক চলাচল বন্ধ হয়ে গেছে। কারাগারের আশপাশে যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কারাগারের চারপাশে অবস্থান করছেন।