চিকিৎসাধীন রোগীর মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ স্বজনেরা মারধর করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত দুই চিকিৎসককে। এ ঘটনায় ক্ষুব্ধ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ মিছিল করেন। গতকাল বুধবার রাত প্রায় সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
রাতের পালায় কর্তব্যরত রেজিস্ট্রার ও পুলিশ জানায়, সিলেট নগরের রাজারগলি এলাকার বাসিন্দা আবদুর রশিদ (৭০) কার্ডিওলজি বিভাগে ভর্তি ছিলেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে ওই রোগী মারা গেলে তাঁর স্বজন পরিচয় দেওয়া কয়েকজন কর্তব্যরত রেজিস্ট্রার চিকিৎসক শোয়েব আহমদ ও আরেকজন শিক্ষানবিশ চিকিৎসকের ওপর চড়াও হন। রেজিস্ট্রার ও পুলিশের ভাষ্য, কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা দুই চিকিৎসককে মারধর করেন।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে ১৭ নম্বর ওয়ার্ডসহ জরুরি বিভাগের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষুব্ধ চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ হাসপাতালে গিয়ে হামলাকারী একজনকে আটক করলে চিকিৎসকেরা তালা খুলে দেন।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের উপপরিচালক মো. আবদুস সালাম সাংবাদিকদের জানান, ক্ষুব্ধ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করতে বিক্ষোভ করছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা চলছে।