স্বতঃপ্রণোদিত মামলা করলেন আদালত
যৌতুকের দাবিতে গৃহবধূ রুজিনা আকতারকে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল রোববার রুজিনার স্বামী আবুল বশার ও শাশুড়ি রাজিয়া বেগমের বিরুদ্ধে মামলা করেছেন। চিকিৎসা শেষে রুজিনাকে গতকাল সকালে সন্তানসহ তাঁর মা তাসলিমা বেগমের কাছে হস্তান্তর করেন। এদিকে চিকিৎসাকালীন রুজিনা ও তাঁর সন্তানের দেখভাল করা-সংক্রান্ত আদালতের নির্দেশনা অমান্য করায় গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে রোববার বেলা ১১টায় সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার হুমায়ুন কবির আদালতে হাজির হয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হন।পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামের গৃহবধূ রুজিনা আকতারকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী আবুল বশার এবং শাশুড়ি রাজিয়া বেগম নির্যাতন করছিলেন। এ ঘটনায় রুজিনা আদালতে মামলা করলে গত ১৩ ডিসেম্বর আসামি আবুল বশার রুজিনাকে আর কোনো নির্যাতন করা হবে না এবং এখন থেকে তাঁরা শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করবেন বলে অঙ্গীকার করে প্রকাশ্য আদালত থেকে রুজিনাকে নিজের বাড়িতে নিয়ে যান। আদালত মামলার পরবর্তী তারিখ ১৫ জানুয়ারি বশার এবং রুজিনাকে একসঙ্গে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই তারিখে রুজিনাকে আদালতে হাজির করা হয়নি। প্রকাশ্য আদালত থেকে রুজিনাকে বাড়ি নেওয়ার পর মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁর ওপর নির্যাতন আরও বেড়ে যায়। মামলার ধার্য তারিখের আগের দিন রুজিনাকে মামলা তুলে নেওয়ার জন্য বেধড়ক মারধর করেন বশার ও তাঁর মা রাজিয়া বেগম।এ ঘটনায় গত ২৪ জানুয়ারি প্রথম আলোয় ‘বাবুরে নিয়া আমি বাঁচতে চাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামানের গত ২৫ জানুয়ারি স্বতঃপ্রণোদিত এক আদেশে ওই মামলার আসামিদের জামিন কেন বাতিল করা হবে না মর্মে আসামিপক্ষের আইনজীবীদের কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি বিরুদ্ধপক্ষের (স্বামী, শ্বশুর, শাশুড়ি) কবল থেকে রুজিনা ও তাঁর সন্তানকে উদ্ধার করে আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।গত ২৬ জানুয়ারি ওই মামলার বিশেষ শুনানি শেষে আদালত আসামি আবুল বশারের জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে নির্যাতনের শিকার রুজিনা আকতারকে হাসপাতালে ভর্তি করে ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর চিকিৎসা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন। চিকিৎসা চলাকালীন রুজিনা ও তাঁর সন্তানের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে রুজিনা ও তাঁর সন্তানের চিকিৎসাকালীন ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহনের ব্যবস্থা করবেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর সার্বিক দেখভাল করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম রুজিনাকে দফায় দফায় নির্যাতনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনটি আমলে নিয়ে বিচারক মো. নূরুজ্জামান বাদী হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন।নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবার বাড়ি শরীয়তপুরের ডামুইড্ডা উপজেলার দারুল আমান ইউনিয়নের কাইলারা গ্রামে। তাঁর বাবা মৃত আজিজ মাতব্বর। যৌতুকের দাবিতে গৃহবধূ রুজিনাকে দফায় দফায় নির্যাতনের ঘটনায় গত ২৪ ও ২৮ জানুয়ারি প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।