স্বতঃস্ফূর্ত হরতাল, বন্ধ ছিল কাঁচাবাজারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত হোল্ডিং ট্যাক্স, সাইন বোর্ড ফি ও ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে গতকাল রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করে রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। হরতাল চলাকালে নগরের সাহেববাজার এলাকার সব দোকান বন্ধ ছিল। ছবিটি সাহেববাজার এলাকা থেকে সকালে তোলা l প্রথম আলো
বর্ধিত হোল্ডিং ট্যাক্স, সাইন বোর্ড ফি ও ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে গতকাল রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করে রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। হরতাল চলাকালে নগরের সাহেববাজার এলাকার সব দোকান বন্ধ ছিল। ছবিটি সাহেববাজার এলাকা থেকে সকালে তোলা l প্রথম আলো

গীতা রানির কোলের ওপর দুধের পাতিল। যে রিকশায় এসেছিলেন, তাঁকে সেই রিকশাতেই ফিরিয়ে দিলেন ব্যবসায়ীরা। তিনি একটি চায়ের দোকানে দুধ নিয়ে এসেছিলেন।
পবা উপজেলার নওহাটা থেকে মুলা নিয়ে এসেছিলেন ব্যবসায়ী গোলাম রসুল। সকাল নয়টা বাজলেও তিনি বস্তার মুখ খুলতে পারেননি। দুপুর ১২টায় হরতাল শেষ হওয়ার অপেক্ষায় বসে ছিলেন তিনি।
গতকাল রোববার সকালে রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় গিয়ে হরতালের এই চিত্র দেখা গেল। রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে নগরে অর্ধদিবস হরতাল পালন করে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। রাজশাহীতে কোনো হরতাল চলাকালে এই প্রথম নগরের সাহেব বাজার কাঁচাবাজার বন্ধ ছিল। জ্বলেনি কোনো দোকানের চায়ের চুলাও।
সকাল সাড়ে আটটায় সাহেব বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দু-একটা রিকশা ও অটোরিকশা চললেও আরডিএ মার্কেটের সামনে দিয়ে ব্যবসায়ীরা কোনো রিকশা পার হতে দিচ্ছেন না। গোলাম রসুল বলেন, ‘যে দলেরই হরতাল হোক, মাস্টারপাড়ার এই রাস্তায় পাইকারি সবজি বিক্রি কোনো দিন বন্ধ থাকতে দেখিনি। এ জন্যই মুলা নিয়ে এসেছিলাম। এই প্রথম দেখলাম, এই সড়ক ফাঁকা পড়ে রয়েছে।’

আরডিএ মার্কেটের নির্মাণশ্রমিক এরফান আলী সকাল থেকে সাহেব বাজার কাঁচাবাজারের গেটে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, কোনো হরতালেই তিনি কাঁচাবাজারের গেট বন্ধ থাকতে দেখেননি। গেটে তালা লাগানোর কারণে ভেতরে যেতে পারছেন না।

আরডিএ মার্কেটের সামনেই একজন পিকেটার দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ‘চাচা, ১২টার পরে আসেন।’ সাহেব বাজার পাইকারি দোকান থেকে বাদাম কিনতে এসেছিলেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘রোজ সকালে এখান থেকে বাদাম নিয়ে গিয়ে গ্রামে খুচরা বিক্রি করি। ১২টার পর গিয়ে তো আর কোনো ব্যবসা হবে না। তাই ফিরে যাচ্ছি।’

নগরের ষষ্টিতলা এলাকায় থাকেন রাজশাহী কলেজের ছাত্র সবুজ সরকার। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সাহেব বাজারের কাঁচাবাজারে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। এরপর নিউমার্কেটের কাছে গিয়ে অল্প করে খোলা একটা দোকান থেকে বেশি দামে সবজি কিনেছেন।

সংগ্রাম পরিষদের অন্যান্য দাবি হলো, অস্বাভাবিক হারে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, আরোপিত সাইনবোর্ড ফি প্রত্যাহার এবং আরোপিত ভ্যাট সহনীয় পর্যায়ে নিয়ে আসা।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হককে সকাল নয়টার দিকে সাহেব বাজার এলাকায় হরতালে পিকেটিং করতে দেখা গেছে। তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বাড়িয়ে নগরবাসীর জন্য নতুন বিপদ ডেকে এনেছে। কোনো কোনো ক্ষেত্রে ১০ থেকে ১২ গুণেরও বেশি ট্যাক্স বাড়ানো হয়েছে। এর ফলে নগরের বাসা-বাড়ির মালিকেরাই শুধু নন, ভাড়াবৃদ্ধির আশঙ্কায় ভাড়াটেরাও দুশ্চিন্তায় পড়েছেন।

ব্যবসায়ীরা বলেন, হরতালে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। তবে হরতালে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকেও লক্ষ রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রাখা হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু অটোরিকশা রাস্তায় দেখা গেছে। এর বাইরে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের এই হরতালে ব্যবসায়ী ঐক্য পরিষদ, মহানগর মেস মালিক সমিতি, হেরিটেজ রাজশাহী, আরডিএ মালিক সমিতি, নদী বাঁচাও আন্দোলনসহ আটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমর্থন জানায়।

হরতাল শেষে সংগঠনের আহ্বায়ক এনামুল হক বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নাগরিক সমাজের সঙ্গে বসে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, হরতাল প্রত্যাহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা চাপ ছিল। কিন্তু কোনো বাধা আসেনি। হরতাল সফল হয়েছে।

৩ ডিসেম্বর এই হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।