স্বতন্ত্র এক প্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। এ ছাড়া বিএনপির মেয়র প্রার্থী আবদুল মালেক মিন্টুর অভিযোগ, রফিকুল আলমের লোকজন তাঁর প্রচারণায় বাধা দিয়েছেন।
দৈনিক আজাদী ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্ত বলেন, ‘১ ডিসেম্বর বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম। গত শুক্রবার রাত ৯টা ১১ মিনিটে তিনি ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে রফিকুল আলমের বিরুদ্ধে শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিএনপির প্রার্থী আবদুল মালেক বলেন, গতকাল শনিবার সকালে তিনি ইসলামপুর এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় রফিকুল আলমের লোকজন তাঁকে ওই এলাকায় গণসংযোগ করতে নিষেধ করেন। এ ছাড়া কলেজগেট এলাকায় ওই প্রার্থীর লোকজন তাঁর একটি নির্বাচনী কার্যালয় বন্ধ করে দিয়েছেন। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেবেন।
রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে জিডি করলে করুক। যারা আমার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করে পত্রিকা নিয়ে বাণিজ্য করছে, তাদের বিষয়েও আমার দেখার আছে।’ বিএনপির প্রার্থীর প্রচারণায় বাধা ও নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।