এবার দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণা হওয়ায় হবিগঞ্জের চারটি পৌরসভার স্বতন্ত্র মেয়রেরা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। এতে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন দলটির অন্য প্রার্থীরা। বিএনপিতে একাধিক প্রার্থী না থাকায় এ সমস্যা নেই।
ওই চার ব্যক্তি হলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, মাধবপুরের মেয়র হিরেন্দ্র লাল সাহা, শায়েস্তাগঞ্জের মেয়র ফরিদ আহমেদ ও চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন। এঁদের মধ্যে প্রথম দুজন আওয়ামী লীগে এবং বাকি দুজন বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন চেয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভায় টানা তিনবার মেয়র পদে আছেন তোফাজ্জল ইসলাম চৌধুরী। তিনি কলেজশিক্ষক ছিলেন। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। তাঁর সঙ্গে আরও তিনজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী ও আওয়ামী লীগের সমর্থক সুখেন্দু রায়।
তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, তিনি সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আওয়ামী ঘরানার রাজনীতির মানুষ। তাঁর সঙ্গে এ দলের সম্পৃক্ততা অনেক পুরোনো।
মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহমদ বলেন, যাঁরা আগে থেকে রাজনীতি করে আসছেন তাঁদের কারও দলীয় মনোনয়ন পাওয়া উচিত। দলের ভেতরের লোকদের মূল্যায়ন না করে আর কাউকে মনোনয়ন দেওয়া হলে অসন্তোষ দেখা দেবে।
আওয়ামী লীগ সূত্র আরও জানায়, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। পেশায় ব্যবসায়ী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র হন তিনি। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এর আগে তাঁকে পৌর আওয়ামী লীগের সদস্য করা হয়। তাঁর সঙ্গে মনোনয়ন প্রতিযোগিতায় আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ মুসলিম।
হিরেন্দ্র লাল সাহা বলেন, সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে তাঁর ৪০ বছর ধরে সম্পৃক্ততা।
সাবেক মেয়র শাহ মোহাম্মদ মুসলিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দল করছেন। তাঁর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত। নতুন কাউকে নয়, দল তাঁকেই মূল্যায়ন করবে বলে তাঁর বিশ্বাস।
বিএনপি সূত্র জানায়, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ স্বতন্ত্র নির্বাচন করে মেয়র হন। এবার দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন।
নাজিম উদ্দিন বলেন, চুনারুঘাট পৌরসভায় বিএনপি থেকে তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ বলেন, প্রার্থী মনোনয়নে বিএনপি তাঁকেই বেছে নেবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, এই দুজনের মনোনয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই দুই পৌরসভায় বিএনপির আর কোনো প্রার্থীও নেই। এখন কেন্দ্র যা সিদ্ধান্ত নেয় তাই হবে।