পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে ২০০৮ সালে নতুন মুখ গোলাম মাওলা রনি আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে জয়ী হন। নানা কারণে দলে বিতর্কিত রনি আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিয়েছেন।
ফলে দলের মনোনয়ন পেতে কেন্দ্রে যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই।
দলীয় সূত্রগুলো জানায়, ২০০৮ সালের নির্বাচনে তিনবারের নির্বাচিত সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে মনোনয়ন না দিয়ে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তবে এবার দলের মনোনয়ন পেতে জাহাঙ্গীর ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. শাহ আলম, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা কামরান সাঈদ, দশমিনা উপজেলার চেয়ারম্যান আবদুল আজিজ, গলাচিপার পৌর মেয়র ওহাব খলিফা দলের মনোনয়ন পেতে কেন্দ্রের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
দলের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ ৩২ জন এই আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গোলাম মাওলা বলেন, ‘আসলে এই আসনে বেশ কয়েকজন নেতা রয়েছেন, যাঁদের নিয়ে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। তাই নিজের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেব।’
গলাচিপা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, আওয়ামী লীগের দুর্গ হলেও ২০০১ সালের পর থেকে এই এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেউই ভালো নেই। এসব বিষয়ে দলীয় সভানেত্রী অবগত আছেন। তিনি এই আসনটি ধরে রাখতে বিবেচনা করে সঠিক প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও বসে নেই। তাঁরা আন্দোলনের পাশাপাশি ভোটারদের কাছেও ছুটছেন। মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান খান, শিল্পপতি মো. গোলাম মোস্তফা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
হাসান মামুন বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় যে নির্বাচন হবে, তাকে আমরা স্বাগত জানাই এবং সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা প্রস্তুত।’
শাহজাহান খান বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের মধ্য দিয়ে আমাদের জোট নির্বাচনে অংশ নিলে এই আসনটিতে আমরা বিজয়ী হব।’