চুয়াডাঙ্গার চারটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। দুটি দল থেকে মোট আটজন মনোনয়ন পেয়েছেন; তাঁদের মধ্যে চারজন বর্তমান মেয়র। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম দলীয় চার প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরীসহ নেতারা দলীয় চার প্রার্থীর পক্ষে ভোট চান।
এদিকে আলমডাঙ্গা পৌরসভায় উভয় দলের একক প্রার্থী থাকলেও অন্য তিন পৌরসভায় তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তাঁরা হলেন চুয়াডাঙ্গা সদরে জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরী, দর্শনায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংসদ আলি আজগারের ভাই আলি মনসুর ও জীবননগরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার তিনজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা সদরে বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির, দর্শনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও জীবননগরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দলের মনোনয়ন পেয়েছেন।
বিএনপি থেকে সদরে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার। বাকি তিনটিতে বর্তমান মেয়রদেরই চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন, জীবননগরে নোয়াব আলী ও দর্শনায় মহিদুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম দলীয় প্রার্থী চূড়ান্ত প্রসঙ্গে জানান, কাউকে সন্তুষ্টির জন্য নয়, মনোনয়ন বোর্ডের সদস্যদের গোপন মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হয়েছে।