নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে দুবারের সাবেক মেয়র মশিউর রহমানকে দলীয় প্রার্থী করেও সুবিধাজনক অবস্থানে নেই বিএনপি। কারণ, গতবারের দল মনোনীত মেয়র প্রার্থী আমজাদ হোসেন এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর পক্ষে রয়েছেন ‘বঞ্চিত’ বিএনপির একটি অংশ।
‘বঞ্চিত’ বিএনপির ১০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির নেতারা তৃণমূল বিএনপির মতামতকে উপেক্ষা করে একতরফা মশিউর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছেন। অথচ তিনি প্রায় পাঁচ বছর ধরে ঢাকায় বসবাস করছেন।
গত পৌরসভা নির্বাচনে আমজাদ হোসেন দলীয় মনোনয়ন পান। আর মেয়র থাকা অবস্থায় মশিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আমজাদ হোসেন ৫ হাজার ৮০০ ভোট পেয়েছিলেন। মশিউর রহমান পেয়েছিলেন ৪ হাজার ৩০০ ভোট। পক্ষান্তরে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী পেয়েছিলেন ৮ হাজার ৫৬৬ ভোট। তখন থেকে স্থানীয় বিএনপিতে দ্বিধাবিভক্তি শুরু হয়।
এদিকে দলের অভ্যন্তরীণ কোন্দলে মেয়র প্রার্থী মশিউর রহমান পরিবারসহ ঢাকায় অবস্থান করায়, তাঁর অনুসারী এবং দলের ত্যাগী ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দশরত আলী প্রামাণিক ও তাঁর ছেলে জাহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লতিফুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক মধুশাহ, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম ও তাঁর ভাতিজা জহির শাহ তাঁদের অনুসারীদের নিয়ে ছয় থেকে আট মাস আওয়ামী লীগে যোগ দেন।
এসব নেতার অভিযোগ, মশিউর রহমান দলছুট ও বিলাসী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে তিনি তৃণমূল বিএনপির আস্থা হারিয়েছেন। এবারের পৌর নির্বাচনে তাঁর গোষ্ঠীর আসা শাহ, মনি সরকার, মজনু শাহ, জালাল শাহ, হবি শাহ প্রমুখ প্রকাশ্যে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। টাকা দিয়ে দলীয় মনোনয়ন কিনে আনলেও মাঠে তাঁর অবস্থা খুবই শোচনীয়।
এ ব্যাপারে মশিউর রহমান বলেন, তিনি খাঁটি বিএনপির লোক। দল বিবেচনা করেই তাঁকে মনোনয়ন দিয়েছে। ধানের শীষের প্রতি অনুগতরা তাঁর সঙ্গে আছেন ও থাকবেন।
স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন বলেন, ‘মশিউর রহমান ঢাকায় থাকায় তৃণমূল বিএনপি আগে থেকেই আমার সঙ্গে আছে। দলের জন্য ত্যাগী ও ব্যক্তি ইমেজে দলমত-নির্বিশেষে জনগণ আমাকেই নির্বাচিত করবেন।’
উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে মশিউর রহমানের অবদান ছিল। এ কারণে ট্রাক পোড়ানো মামলায় তিনি হাজতও খেটেছেন। সে দিক বিবেচনা করে দল তাঁকে মনোনয়ন দিয়েছে। তবে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমজাদ হোসেন ও তাঁর অনুসারীদের বহিষ্কার করা হয়েছে।