কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের মনোনয়নপত্র গতকাল শুক্রবার বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও জাপার রিয়াজুল হকের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এস আলম এ কথা নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনী নীতিমালায় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বলা হয়েছে, মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিতে হবে। ফখরুল আলম তা করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন একজন নির্বাহী হাকিম দিয়ে স্বাক্ষরকারী ১০ জন ভোটারের সমর্থন যাচাই করান। এতে দেখা গেছে, ১০ জনের মধ্যে তিনজন সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেছেন। এই অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
দলীয় সূত্র জানায়, ফখরুল আলম ভৈরব উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতা হিসেবে দীর্ঘদিন দলের নেতৃত্ব দেন। জীবদ্দশায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে ফখরুল আলমের সম্পর্ক ভালো ছিল না। ফলে প্রায় এক যুগ ধরে কোনো নির্বাচনে তিনি দলীয় সমর্থন পাননি। এরই মধ্যে দলের বাইরে গিয়ে টানা দুবার ভৈরব পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ পৌর নির্বাচনে পরাজিত হন। এর পর থেকে ফখরুল আলম কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে ছিলেন। দল থেকে মনোনয়ন পেতে দলীয় টিকিটও কিনেছিলেন তিনি। কিন্তু সফল হননি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সূত্র আরও জানায়, ফখরুল আলমকে ঘিরে নিরুত্তাপ নির্বাচনে কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। বিএনপি নির্বাচনে না আসায় ফখরুল আলমকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবা হচ্ছিল। এই অবস্থায় ফখরুল আলম নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারানোয় দলটির কিছু নেতা-কর্মী হতাশ হয়ে পড়েছেন। অনেকে মনে করছেন, ফখরুল আলমের বিদায় মানে ফলাফল নির্ধারণে ভারসাম্য হারানো।
জানতে চাইলে ফখরুল আলম বলেন, ‘ভোটারের স্বাক্ষর নিয়েই আমি মনোনয়নপত্র দাখিল করেছি। গোপন তদন্তে যা হয়েছে, তা রহস্যজনক। আমি আপিল করব।’