গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বজলুল হকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।প্রার্থী বজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী দলের মহাসচিব। তাঁকে নিয়ে কাপাসিয়া উপনির্বাচনের প্রার্থী হলেন চারজন। অন্য প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ ও সিপিবির আসাদুল্লাহ বাদল।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয় ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় এবং প্রার্থী নিজেই নিজের আবেদনপত্র সত্যায়ন করায়। এর বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন মনোনয়নপত্র খারিজের আদেশ বহাল রাখে।প্রার্থীর ছেলে ও আইনজীবী মাইনুল হক বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হয়। গতকাল শুনানিতে আদালত বজলুল হকের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাঁকে নির্বাচনের অনুমতি দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। ফলে উপনির্বাচনে বজলুল হকের অংশ নিতে আর কোনো বাধা রইল না। রায়ের কাগজ আজ বুধবার সকালে গাজীপুর নির্বাচন কার্যালয়ে পাঠানো হবে।স্বতন্ত্র প্রার্থী বজলুল হক সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কর্মকর্তাদের ভুলের কারণে আমার ১০-১২ দিন নষ্ট হয়ে গেল। এলাকায় আমার অবস্থান ভালো দেখে ষড়যন্ত্রকারীরা কৌশলে আমার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। আমি যেহেতু রায়ে বিজয়ী হয়েছি, তাই নির্বাচনেও বিজয়ী হব।’এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘বজলুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে খবর পেয়েছি। তবে কোনো কাগজপত্র পাইনি।’গাজীপুর-৪ আসনের ভোটারসংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন। উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর।ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত: কাপাসিয়ার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকালও অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ-বিন-হাসান বলেন, মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর আওতায় মোটরসাইকেল আরোহীর হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গতকাল ১১টি মামলা ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গত রোববারও একই অভিযোগে ১৫টি মামলা ও তিন হাজার ৬০০ টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।