স্বতন্ত্র প্রার্থী সহিদ কমিশনারের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ওরফে সহিদ কমিশনারের বাসা থেকে গত বুধবার গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় সহিদ কমিশনারের সহযোগী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১০-এর গোয়েন্দা দল জানতে পারে নাশকতা করতে সন্ত্রাসীরা গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে সহিদ কমিশনারের বাড়িতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত পৌনে তিনটার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, একটি শটগান, পিস্তলের ১২টি ও শটগানের ২৩টি গুলি উদ্ধার করা হয়। এ সময় শহিদ কমিশনারের সহযোগী হাফিজুরকে গ্রেপ্তার করে র‌্যাব।
র‌্যাব জানায়, শটগান ও পিস্তলের বৈধ কাগজপত্র থাকলেও রিভলবারটি অবৈধ।
র‌্যাব-১০-এর পরিচালক খন্দকার গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, সহিদ কমিশনার অস্ত্রের মুখে ভোটারদের ভোট দিতে ও তাঁর পক্ষে কাজ করতে বাধ্য করে আসছিলেন। র‌্যাব-১০-এর কাছে এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ভিত্তিতেই তাঁর বাসায় অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলন: গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সহিদ কমিশনার অভিযোগ করেন, টেলিফোনে তাঁকে নির্বাচন থেকে বিরত থাকতে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী ফিরোজ রশীদের উসকানিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী তাঁকে ও তাঁর সমর্থকদের ভয়-ভীতি দেখিয়ে আসছে। তাঁকে আটক ও গ্রেপ্তারেরও হুমকি দেওয়া হচ্ছে।
সহিদ কমিশনার বলেন, গত বুধবার গভীর রাতে র‌্যাব তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁর বাল্যবন্ধু হাফিজুরকে দুটি লাইসেন্স করা অস্ত্রসহ আটক করে। র‌্যাব তাদের সঙ্গে নিয়ে আসা আরেকটি অস্ত্র দেখিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দেয়। তিনি অভিযোগ করেন, র‌্যাবের সদস্যরা সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে যায়। তিনি হয়রানি ও নির্যাতনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিতভাবে জানিয়েছেন।
তবে র‌্যাব-১০-এর পরিচালক খন্দকার গোলাম সরোয়ার বলেন, অবৈধ রিভলবারটি সহিদ কমিশনারের বাসা থেকেই উদ্ধার করা হয়।