দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুধাসিন্ধু খীসার গাড়িতে গতকাল মঙ্গলবার হামলা হয়েছে। দুপুর ১২টার দিকে রাজস্থালী উপজেলায় জনসংযোগ শেষে ফিরে আসার পথে এ হামলা হয়। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে দুটি গুলি ছোড়া হয়েছে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুধাসিন্ধু খীসা জনসংযোগ শেষে রাজস্থলী উপজেলা সদর থেকে রাঙামাটি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে বাঙ্গাহালিয়া-রাজস্থলী সড়কের মুসলিম ব্লক নামক এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী গাড়ি লক্ষ্য করে চারটি গুলি করা হয়। এ সময় গাড়িতে সুধাসিন্ধু খীসাসহ তাঁর কয়েকজন সফরসঙ্গি ও পুলিশ ছিল। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।
রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, রাজস্থলী থেকে জনসংযোগ শেষে ফিরে আসার পথে সুধাসিন্ধু খীসার গাড়িতে একদল দুর্বৃত্ত দুটি গুলি করেছে। সে ব্যাপারে কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। তবে রাজস্থলী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জনসংহতি সমিতির (এমএন লারমা) পক্ষ থেকে এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঊষাতন তালুকদার। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করে ঊষাতন তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা। তবে উষাতন তালুকদারের নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা এ অভিযোগ অস্বীকার করেন।
অপর দিকে আওয়ামী লীগের প্রার্থী পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নির্বাচনী এজেন্ট মো. জাকির হোসেন চৌধুরী তাঁদের সমর্থক ও কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকিসহ পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। গত সোমবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে জাকির হোসেন চৌধুরী অভিযোগ করেন, বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের উচ্ছৃঙ্খল কর্মীরা এসব কাজে জড়িত। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।