নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।
আজ বৃহস্পতিবার দুপুর একটা ২০ মিনিটে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোরশেদের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাবেক এ আহ্বায়ক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এস এম আকরাম প্রথম আলোকে বলেন, ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে এ আসনে তিনি সাংসদ থাকাকালে হত্যা-গুম-ছিনতাইয়ের মতো কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না। বর্তমানে নারায়ণগঞ্জের মানুষ আতঙ্কিত। তাঁরা গুম-খুনের ঘটনায় ক্ষুব্ধ। নারায়ণগঞ্জবাসী তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন সাবেক এই সাংসদ।
আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন হবে। গত ২৮ এপ্রিল জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
গতকাল এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নাসিম ওসমানের ভাই সেলিম ওসমানকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানানো হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিহত মেধাবী ছাত্র মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি। ওই আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকিসহ আরও কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।