স্বতন্ত্র প্রার্থীকে আড়াই ঘণ্টা আটকে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণা চালানোর সময় নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নেওয়াজ উদ্দিনকে তুলে নিয়ে আড়াই ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তাঁর বড় ভাই পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. ছাইফ উদ্দিন। তিনিও ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
নেওয়াজ উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. ছাইফ উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। আর তিনি ‘ক্যারমবোর্ড’ প্রতীক নিয়ে ভাইকে সহযোগিতার জন্য নির্বাচন করছেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি তাঁর বড় ভাইয়ের ‘জগ’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে ৯ নম্বর ওয়ার্ডে যান। প্রচারণার একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ইউছুফ আলীর ৩০-৩৫ জন সমর্থক তাঁকে তুলে নিয়ে এলাকার একটি বাড়িতে আটকে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া তাঁকে উদ্ধার করেন।
তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেও মেয়র পদপ্রার্থী এ কে এম ইউছুফ আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নেওয়াজ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে অভিযোগের সত্যতা পাননি। প্রার্থী অনেক লোক দেখে ভয়ে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে লিখিত দিয়েছেন।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীকে তুলে নিয়ে আটকে রাখার কথা তিনি শুনেছেন। প্রার্থী কিংবা তাঁর পক্ষের কোনো লোক থানায় সন্ধ্যা পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ করেননি।’
সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছাইফ উদ্দিন গতকাল দুপুরে তাঁর ওছখালির বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলীর সমর্থকদের বিরুদ্ধে প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও তাঁর প্রচারকর্মীদের মারধরের অভিযোগ করেছেন।
তবে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ইউছুফ আলীর প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক সাংসদ মোহাম্মদ আলী। গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী নির্বাচনে ভরাডুবি হবে বুঝতে পেরে এখন অপপ্রচারে নেমেছেন।
মোহাম্মদ আলী পাল্টা অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীর লোকজনের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ ভোটাররাও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী ইতিমধ্যে হামলার শিকার হয়েছেন।