রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এর মধ্যে পাঁচজন দলীয় প্রতীকে আর একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাঁদের হলফনামা ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত দলীয় প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর বার্ষিক আয় অন্তত সাত গুণ বেশি। স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণও তাঁর বেশি।
আর সবচেয়ে কম আয় বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহার।
মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী ওই স্বতন্ত্র প্রার্থীর নাম আজিজুল হক। তিনি ১৯৮৯-৯০ সালে জাতীয় ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তাঁর হলফনামায় মাসিক আয় দেখিয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৪২ হাজার, ইটভাটা থেকে সাড়ে ১৫ লাখ ও শিক্ষকতা পেশা থেকে ২ লাখ ৭৭ হাজার ৭৫০ টাকা।
আজিজুল হকের পরেই আছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শামিম আরা আক্তার। তাঁর কৃষি খাত থেকে বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী লাতিফুল খাবীরের বার্ষিক আয় কৃষি খাত ও ব্যবসা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকীর আয় কৃষি ও চাকরি থেকে ২ লাখ ৬০ হাজার ৮৬৪ টাকা। বিএনপির মেয়র প্রার্থী পরিতোষ চক্রবর্তীর কৃষি, মৎস্য ও গরুর খামার থেকে আয় ২ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে, সবচেয়ে কম বার্ষিক আয় দেখিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র উত্তম কুমার সাহা। তাঁর আয় ২ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ৪০ হাজার, বাড়িভাড়া ১৫ হাজার, ব্যবসা থেকে এক লাখ ও শেয়ার-সঞ্চয়পত্র থেকে ৫০ হাজার টাকা।
ওই ছয় মেয়র প্রার্থীর মধ্যে আজিজুল হক এমএ পাস। তিনি বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতাও ইংরেজিতে এমএ। তিনি বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক। উত্তম কুমার সাহা এইচএসসি। লাতিফুল খাবীর কৃষি ডিপ্লোমা, শামীম আরা বেগম এসএসসি ও আবদুল বাকী নবম শ্রেণি পাস।
প্রতিদ্বন্দ্বী ছয় মেয়র প্রার্থীর মধ্যে তিনজনের নামে ব্যাংকে ঋণ আছে। পরিতোষ চক্রবর্তীর ব্যাংকঋণ আছে তিন লাখ, উত্তম কুমার সাহার ৭০ লাখ টাকা ও আজিজুল হকের ৮০ লাখ টাকা। তবে তাঁরা কেউ ঋণখেলাপি নন।
হলফনামা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের অস্থাবর সম্পদ বলতে নগদ টাকা রয়েছে ৮০ হাজার। ব্যাংকে জমা আছে ৭ লাখ ১ হাজার ৬১২ টাকা। স্থাবর সম্পদ রয়েছে কৃষিজমি ১৭ বিঘা, অকৃষি ২৪ শতক। এদিকে, উত্তম কুমার সাহার নগদ টাকা আছে তিন লাখ। ব্যাংকে জমা আছে দুই লাখ। কৃষি ও অকৃষিজমি ১১৫ শতক।
স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক দাবি করেন, ‘আমি হলফনামায় কোনো তথ্য গোপন করিনি। আমার যা আয়, তা-ই উল্লেখ করেছি। কোনোকিছু গোপন করিনি। অনেকেই সম্পদ গোপন করে হলফনামায় কম আয় দেখিয়েছেন।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা তাঁর মিল, চাতালসহ অনেক সম্পদ ও অর্থের তথ্য হলফনামায় গোপন করেছেন। এমনকি তিনি বর্তমান মেয়র হিসেবে মাসিক সম্মানী ভাতা পাওয়ার কথাও হলফনামায় উল্লেখ করেননি।
তবে উত্তম কুমার সাহা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার যা আছে, তা-ই হলফনামায় উল্লেখ করেছি।’