স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ সাহার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে।
গতকাল সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন করা হয়। কর্মসূচির আয়োজক সূত্র জানায়, আনন্দ সাহা পূজা উদ্যাপন পরিষদের ইউনিয়ন কমিটির সভাপতি। নির্বাচনী মাঠে ভালো অবস্থানে থাকায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ওরফে আঙ্গুর তাঁকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত শনিবার এ ইউপিতে ভোট হয়। এতে আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের জয়ী হন। এর জের ধরে সোমবার দুপুরে ভাড়ারিয়া বাজারে আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন কর্মী-সমর্থক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আনন্দ সাহার ওপর হামলা করেন। এ সময় তাঁর ছোট ভাই চন্দন সাহা ও ছেলে উৎপল সাহা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে আনন্দ সাহা মামলা করেন। তবে মামলায় আওয়ামী লীগের প্রার্থীকে আসামি করা হয়নি।