স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও ভাইয়ের ওপর হামলা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র শেখ মো. নিজামের নির্বাচনী এজেন্ট নুরুল আমিন (৪০) ও তাঁর ভাই নজরুল ইসলামের (৩৪) ওপর গত মঙ্গলবার দিবাগত রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নুরুল আমিন ও নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে এলাকায় টাকা ছড়ানোর অভিযোগে দুর্বৃত্তরা ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের হাউলি কেউটিল হামিদ ফকিরের চায়ের দোকানে বসে মো. নিজামের নির্বাচনী এজেন্ট তাঁর মামা নুরুল আমিন, ছোট ভাই নজরুল ইসলামসহ তাঁর দুই বন্ধু, এলাকার কয়েকজন বসে চা পান করছিল। এ সময় দ্রুতগতির দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তাঁদের কাছে এসে থামে এবং গাড়ি থেকে সাত-আটজন ব্যক্তি নেমেই অতর্কিতভাবে তাঁদের ওপর আক্রমণ করে। তারা তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। পরে ওই হামলাকারীরা নুরুল ও নজরুলকে আটকে রেখে এলাকায় টাকা ছড়ানোর অভিযোগ তুলে তাঁদের পুলিশে সোপর্দ করে।
শেখ মো. নিজাম বলেন, ‘ভোট গ্রহণের আগের রাতে কারচুপির আশঙ্কায় ওই দিন রাতে আমার নির্বাচনী প্রধান এজেন্ট নুরুল আমিন ও ছোট ভাই নজরুল ইসলাম কেন্দ্রগুলো ঘুরে ঘুরে খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হামলা করে নুরুল আমিনের কাছে থাকা একটি দামি মুঠোফোন, কিছু নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। শুধু তা-ই নয়, টাকা ছড়ানো হচ্ছে এমন মিথ্যা, অভিযোগে তারা ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।’
এ ব্যাপারে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, খোঁজ নিয়ে সঠিক তথ্য বের করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে।