স্বতন্ত্র প্রার্থীর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে স্বতন্ত্র প্রার্থীর স্বাক্ষর জালিয়াতি করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী মহররম আলী গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন।
মহররম আলী বলেন, তাঁর স্বাক্ষরে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বলা হলেও তিনি এ-সংক্রান্ত কোনো কাগজে স্বাক্ষর করেননি। ভোট ছাড়াই আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের গল্প ফেঁদেছেন। বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মহররম আলী আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতেই বাছাইয়ের দিনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। আর হয়রানির ভয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন কারাগারে থাকা জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান। এখন মনোনয়ন প্রত্যাহারের কথা বলে তাঁকেও মাঠ থেকে সরে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শ্বশুর পরিচয়ে একজন ওই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের আবেদন নিয়ে আসেন। মনোনয়নপত্রে করা স্বাক্ষরের সঙ্গে প্রত্যাহারের আবেদনের স্বাক্ষরের মিল থাকায় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের আর প্রয়োজন পড়েনি। এখন প্রার্থী তাঁর স্বাক্ষর নয় দাবি করলে সেটা আসল-নকল প্রমাণ করার দায়িত্ব এক্সপার্টের (হস্তলেখা বিশারদ)।’
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।