স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অবস্থান ধর্মঘটে শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
ওই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক মো. খালেদ হোসাইন, মোহাম্মদ মামুন অর রশিদ, প্রত্নতত্ত্ব বিভাগের সিকদার জুলকারনাইন প্রমুখ।
এদিকে একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মিলনায়তনের সামনে অবস্থান ধর্মঘট করে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওই অবস্থান ধর্মঘটে সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক ও শিক্ষকেরা অংশ নেন।