স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার দাবিতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ।বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে মূল সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর আগেই বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ নানা দাবি জানানো হয়।সমাবেশে দাবি আদায়ের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩১ জুলাই এবং ১ থেকে ২ আগস্ট কালো ব্যাজ ধারণ। এর পরও দাবি আদায় না হলে পরদিন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম ও রফি উদ্দিন খান।