পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশের পাশের বিভিন্ন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেল থাকলেও এ দেশে তা নেই। দেশের সবচেয়ে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসেন। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল না থাকায় তাঁরা এ পেশা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছেন।
বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জোর দাবি জানান।