স্বতন্ত্র বেতনকাঠামো দাবি করলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা
প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো দাবি করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সকাল ১০টায় বরিশাল নগরের সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়।
সভায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সমাজ গড়ার কারিগর বলা হলেও তাঁদের সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না। ঘোষিত বেতন স্কেলে বৈষম্য করে মর্যাদা আরও হানি করা হয়েছে। তাঁরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি শুধু প্রধান শিক্ষক পর্যন্ত। শিক্ষকদের মর্যাদা ঠিক রেখে তাঁদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো নির্ধারণ করতে হবে। বহাল রাখতে হবে টাইম স্কেল। সেই সঙ্গে সহকারী শিক্ষক থেকে পরিচালক পর্যন্ত পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে।
সভায় জানানো হয়, দাবি আদায়ে আজ শনিবার ও কাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বরিশাল বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করবেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলার সভাপতি মোবারক হোসেন, মহানগর সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক আয়শা পারভীন, এস এম রেজাউল করিম, আ. আলীম প্রমুখ।