প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামোতে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক বেতনকাঠামোর প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এর আগে একই দাবিতে এক সপ্তাহ ধরে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করেন শিক্ষকেরা।
গতকাল বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সৌরেন বিশ্বাস, মাছুম আহমেদ, শিক্ষক সমিতির সহসভাপতি শ্যামল রঞ্জন চক্রবর্তী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির, মোহাম্মদ আলী আজগর চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ আলম, ইংরেজি বিভাগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, দর্শন বিভাগের অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদ প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রায়হান ফারুক, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম প্রমুখ।
শিক্ষকেরা বলেন, সচিব কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দুই ধাপ নামিয়ে দেওয়ায় সরকারের ইতিবাচক ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এর মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, প্রস্তাবিত বেতনকাঠামোর বিভিন্ন বৈষম্য এবং শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের সামনে চুয়েট শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ কুমার পাল বলেন, ন্যায্য দাবি পূরণের জন্য শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছেন শিক্ষকেরা। দাবি মানা না হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত কর্মসূচি নির্ধারণ করা হবে।