স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবিতে শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অধীন সব কারখানায় কর্মরত শ্রমিকদের স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণা ও মজুরি কমিশনের প্রস্তাবিত ১৬তম গ্রেড সংশোধন করে প্রচলিত হারে মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। গতকাল রোববার সকালে কারখানায় সিবিএর কার্যালয়ে আয়োজিত ওই সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি মো. সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহসভাপতি আবদুল মালেক, নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, প্রতিবারই জাতীয় বেতন স্কেলের তুলনায় মজুরি কমিশন ধাপে ধাপে কমিয়ে একজন কর্মচারী ও একজন শ্রমিকের মজুরির মধ্যে বিরাট বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে মজুরি কমিশনের প্রস্তাবিত ১৬তম গ্রেডে প্রচলিত মজুরি তিন হাজার ৫০০ টাকার গুণিতক হারে বৃদ্ধি না করে তিন হাজার ২০০ টাকা হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।