স্বতন্ত্র ব্যানারে পাঁচ 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের চারটি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত পাঁচজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে অস্বস্তিতে পড়েছে দলটি।
দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর, ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা। এঁরা হলেন গৌরীপুরে আবু কাউসার চৌধুরী, শফিকুল ইসলাম, মুক্তাগাছায় দেবাশীষ ঘোষ, ত্রিশালে এ বি এম আনিসুজ্জামান ও ফুলপুরে মো. শাজাহান।
দলীয় সূত্রে জানা গেছে, গৌরীপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী ও গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। তফসিল ঘোষণার আগে তিনজনই আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির করেন। কিন্তু শেষ পর্যন্ত সাংসদের পছন্দের প্রার্থী হিসেবে একক প্রার্থী হিসেবে রফিকুলের নাম কেন্দ্র পাঠানো হয়।
আবু কাউসার প্রথম আলোকে বলেন, ‘জনপ্রিয়তা থাকার পর মনোনয়ন না পাওয়াটা দুর্ভাগ্যজনক। আমি আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মাঠে জনপ্রিয়তা যাচাই করব। তারপর কী হবে সেটা পরে ভাবব।’ শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি, আমি জয় লাভ করব।’
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল মুক্তাগাছা পৌরসভায়। আওয়ামী লীগের শক্তিশালী তিনজন প্রার্থী ছিলেন। এঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবদুল হাই আকন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ। শেষ পর্যন্ত মনোনয়ন পান আবদুল হাই আকন্দ। বিল্লাল দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন জমা না দিলেও দেবাশীষ ঘোষ গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেবাশীষ বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দল থেকে পদত্যাগ করেছি।’
ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার। মনোনয়নবঞ্চিত ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ বি এম আনিসুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মো. শাজাহান। দলের একাধিক সূত্র জানায়, সাংসদ শরীফ আহমেদের সঙ্গে সুসম্পর্ক না থাকায় জনপ্রিয়তা থাকার পরও দলের মনোনয়ন পাননি শাজাহান।
দলীয় সূত্রে জানা গেছে, চারটি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ায় দল মনোনীত প্রার্থীরা বিপাকে পড়তে পারেন। তবে সেই আশঙ্কা নাকচ করে দিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মজিবুর রহমান খান বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। এর আগ পর্যন্ত প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী রাখার সর্বাত্মক চেষ্টা করব। কথিত ‘বিদ্রোহী’ প্রার্থীদের দমন করার চেষ্টা চলবে।’