ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইনস্টিটিউটের অধীনে নিতে হবে। তবে অনেকের অভিযোগ, ওই ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকের মদদে এ আন্দোলন হচ্ছে।গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বছর থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আলাদাভাবে ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের অধীনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর হঠাৎ করেই দুই দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারেনি। পরে উপাচার্য ঘটনাস্থলে শিক্ষার্থীদের বৈঠকে বসার আহ্বান জানালে তাঁরা অবরোধ তুলে নেন। এরপর বৈঠক করে উপাচার্য তাঁদের জানিয়ে দেন, একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্তই বহাল থাকবে। এরপর শিক্ষার্থীরা আবার বিক্ষোভ মিছিল করেন।ইনস্টিটিউটের পরিচালক সালমা আখতার বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না। এখানকার শিক্ষকেরা আলাদা পরীক্ষা চান।’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পরও শিক্ষকদের সমর্থনে শিক্ষার্থীদের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউটের পরীক্ষাই পর্যায়ক্রমে কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে বলে জানান তিনি।