স্বতন্ত্র মেডিকেল সার্ভিস চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সপ্তাহের চতুর্থ দিন আজ পুলিশ সুপাররা আইজিপির সঙ্গে মতবিনিময় সভা করেন
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীতে স্বতন্ত্র মেডিকেল কোর বা মেডিকেল সার্ভিস চান পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া ঘরে বসে যাতে সাধারণ মানুষ সেবা পেতে পারেন, সে জন্য অনলাইনে সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টিকে সারা দেশে বিস্তৃত করার প্রস্তাব দেন তাঁরা।

পুলিশ সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবার ৬৪ জেলার পুলিশ সুপাররা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাবসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ সভা শেষ হয় সন্ধ্যা ছয়টায়। এতে আটটি মহানগর পুলিশের কমিশনার ও সাত রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), সারা দেশের পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অভিযান, গণমাধ্যম ও পরিকল্পনা) মো. হায়দার আলী খান সভার আলোচ্য বিষয়গুলো সংবাদ সম্মেলন করে জানান।