স্বতন্ত্র সাংসদেরা জোট করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদেরা জোট গঠন করেছেন এবং জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমকে জোটের সভাপতি এবং কুমিল্লা-৪ আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইন অনুযায়ী, ৩০০ আসনের বিপরীতে ৫০ জন সংরক্ষিত নারী সাংসদ থাকবেন। ৩০০ আসনের নির্বাচনে যে দল যতটি আসন পাবে, তার আনুপাতিক হারে সেই দলের জন্য নারী আসন সংরক্ষণ করা হবে। এরপর দলগুলো থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী দেওয়া হবে এবং সাংসদদের ভোটে তাঁরা বিজয়ী হবেন। দল থেকে তাঁদের জন্য সংরক্ষিত আসনের অতিরিক্ত প্রার্থী না দেওয়া হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।
হিসাব অনুযায়ী, কোনো দল বা জোট প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন পাবে। এবারের নির্বাচনে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই হিসাবে স্বতন্ত্র জোট অন্তত দুটি নারী আসন পাবে। গতকালের সভায় ১২ জন স্বতন্ত্র সাংসদ উপস্থিত ছিলেন। সভায় জোট গঠনের বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই জোটের সভাপতি হাজি সেলিম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সাদাকে সাদা, কালাকে কালা বলব এবং দেশের মানুষের জন্য কথা বলব।’