স্বতন্ত্র হয়ে লড়ছেন আ.লীগ নেতাদের ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা আওয়ামী লীগের প্রভাবশালী চারজন নেতা এবার মনোনয়ন না পেয়ে তাঁদের ছেলেদের চারটি আসনে স্বতন্ত্র প্রার্থী করিয়েছেন দল ও জোটের প্রার্থীদের বিরুদ্ধে।
এসব নেতা অতীতে কয়েক দফায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও জিততে পারেননি। তাঁদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই নেতারা হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসান জামিল সাত্তার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।
এঁদের মধ্যে হাসান জামিল সাত্তারের ছেলে নাঈম হাসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান সাংসদ মো. সুবিদ আলী ভুঁইয়া।
হাসান জামিল সাত্তার ১৯৯৬ সালে জাতীয় পার্টি (জাপা) থেকে এবং ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ছেলেকে দাঁড় করিয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছেলে আহসানুল আলম কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী। আহসানুল উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন জাহাঙ্গীর আলম। পরে আসনটি জাপাকে ছেড়ে দেওয়ায় দলের নির্দেশে জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করে নেন। কিন্তু মাঠে রেখে দেন ছেলেকে।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেছে। প্রত্যাহার করেছি। এখন ছেলে প্রার্থী হয়েছে, তাই তাঁর জন্য কাজ করছি।’
জাহাঙ্গীর এর আগে গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন এবং প্রতিবারই পরাজিত হন। তাঁর বিরুদ্ধে গত পাঁচ বছরে মুরাদনগরে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মো. ফখরুল। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর ছেলে।
ফখরুল ইসলাম মুন্সী ১৯৯৬ ও ২০০১ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এবার এ আসনটি জাপাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। জাপার প্রার্থী ইকবাল হোসেনের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাজী মো. ফখরুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফখরুল ইসলাম মুন্সী প্রথম আলোকে বলেন, ‘মহাজোটের প্রার্থী ততটা জনপ্রিয় না হওয়ায় ছেলেকে নিয়ে মাঠে নেমেছি। মানবিক দায়িত্ব থেকে ছেলের পক্ষে কাজ করছি। ছেলেকে দলের একটি কুচক্রী মহল বহিষ্কার করেছে, যা অগণতান্ত্রিক।’
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ খান। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের ছেলে। আফজল খান মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থী ও বর্তমান সাংসদ আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে নিজের ছেলেকে দাঁড় করিয়েছেন।
আফজল খান এর আগে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ, পৌর ও সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হন।
আফজল খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে মাসুদ পারভেজ বলেন, ‘বাবা ৬০ বছর যাবৎ আওয়ামী লীগ করছেন। তিনি নৌকার পক্ষেই আছেন। জনগণ ও দলীয় নেতা-কর্মীদের চাপে প্রার্থী হয়েছি।’