স্বতন্ত্রে সন্ত্রস্ত আ.লীগ
ভোটের এক দিন আগে সিলেটে স্বতন্ত্র প্রার্থী নিয়ে অনেকটা সন্ত্রস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। প্রচারণার শেষ দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মৌন সমর্থন থাকলেও শেষ দিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার ছয়টি আসনের মধ্যে ভোট হচ্ছে দুটিতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট-৩ আসনে সাংসদ মাহমুদ-উস-সমাদ চৌধুরী, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী থাকায় সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট) ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে লড়তে হচ্ছে আওয়ামী লীগের সাংসদ ইমরান আহমদ ও জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীকে। এ দুই আসনে তাঁদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ (আনারস) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মুহিবুর রহমান (আনারস)।
গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে ইমরান আহমদের পক্ষে সর্বশেষ নির্বাচনী প্রচারণায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ দলীয় নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বালাগঞ্জ ও ওসমানীনগরে জাপা প্রার্থী ইয়াহহিয়ার পক্ষে গণসংযোগ করে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিকে দেওয়ার আহ্বান জানান।
একইভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সিলেটসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিয়ে সন্ত্রস্ত কি না—এমন প্রশ্নে মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন দেশে নতুন একটি ধারার সূচনা করবে। সাংবিধানিক ধারা সমুন্নত রাখতে ও দলীয় সরকারের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচন হবে, তারই প্রমাণ হবে। সুতরাং প্রতিদ্বন্দ্বী যাঁরাই থাকুক, তাঁরা তো প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুর্বল ভাবাটাও ঠিক হবে না। তাই আমরা সতর্ক আছি।’