স্বদেশি সহপাঠী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের ঘটনায় তাঁর স্বদেশি সহপাঠী গুরঙ্গ নিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাঁকে নগরের আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত শিক্ষার্থীর বাবার করা মামলার পরদিন নিরাজকে গ্রেপ্তার করা হলো। এজাহারে আসামিদের তালিকায় তাঁর নাম রয়েছে।

গ্রেপ্তারের পর গতকাল বিকেলে নিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আজ বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর।

আতিফ খুন হওয়ার চার দিন পর গত মঙ্গলবার রাতে তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে আকবর শাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন মাইসনাম উইনসন সিং, গুরঙ্গ নিরাজ, জোসনা তম্বুরাম, প্রভাকর লাইশারাম, মালেনবাগ মাইনবাম, অথোপাম রোনাল্ড, প্রমেশ চাকমা ও সজল চাকমা। তাঁরা সবাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের শিক্ষার্থী। আসামিদের মধে৵ ছয়জন ভারতীয় নাগরিক, দুজন বাংলাদেশি।

নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে খুন করা হয় আতিফকে। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। তিন কক্ষের ওই ফ্ল্যাটে ইউএসটিসির চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। শুক্রবার রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। উইনসন নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আঞ্জুমানে মুফিদুল ইসলামের ফ্রিজারে রয়েছে নিহত আতিফ শেখের লাশ।