স্বদেশে ফেরত পাঠানো হলো ৪৪ নেপালিকে
রাজধানীর মিরপুর ডিওএইচএসে থেকে নেপালের ৪৪ জন আটক নাগরিককে বেনাপোল সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এই নেপালিরা এক মাসের পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের ভিসার মেয়াদ ছিল না। গত বৃহস্পতিবার ডিওএইচএসের ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাসা থেকে এক বাংলাদেশিসহ তাঁদের আটক করা হয়। বাংলাদেশে এই নেপালিদের সহযোগিতাকারী ওয়ালিউল্লাহকে আসামি করে মামলা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার মাধ্যমে তাঁদের ঢাকায় নেপালি দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই তাঁদের বাসে করে বেনাপোল পাঠানো হয়। সেখান থেকে ভারত হয়ে ওই ৪৪ জন নেপালি স্বদেশে ফিরে যাবেন।
পুলিশ জানায়, নেপালে ফেরত পাঠানো ব্যক্তিরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। গত ১৯ জুন ভিসার মেয়াদ শেষ হলেও তাঁরা নেপালে যাননি কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেননি।
এ ছাড়া ওই নেপালিদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই বলে জানিয়েছেন ওসি দাদন ফকির। তিনি বলেন, ভিসা-সংক্রান্ত বিষয় ছাড়া তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় নেপালে ফেরত পাঠানো হয়েছে। তবে তাঁদের বাংলাদেশে আসতে সহযোগিতা করার অভিযোগে ওয়ালিউল্লাহর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে। নেপালিদের মধ্যে অজয় নামে একজন বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে প্রথম আলোর যশোর অফিস জানিয়েছে, আজ বিকেল পাঁচটায় বেনাপোল সীমান্ত দিয়ে ৪৪ জন নেপালিকে ফেরত পাঠানোর সময় তাঁদের কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ অভিবাসন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ভাড়া করে পুলিশের বিশেষ শাখার (এসবি) নিরাপত্তা হেফাজতে তাঁদের বেনাপোল তল্লাশি চৌকিতে আনা হয়। কাগজপত্রের প্রক্রিয়া শেষে বিকেল পাঁচটার দিকে তাঁরা ভারতে প্রবেশ করেন। শ্যামলী পরিবহনের ওই বাসে সাধারণ কোনো যাত্রী ছিলেন না।
সূত্রমতে, ৪৪ জনের মধ্যে ৪২ জনের কাছ থেকে ৬ হাজার ৯৫০ টাকা করে, একজনের কাছ থেকে ৮ হাজার ১০০ টাকা এবং অপর জনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।