স্বনামধন্যদের লেখা বাদ দিয়ে পাঠ্যবইয়ে পরিবর্তন বেআইনি নয় কেন: রুল
প্রথিতযশা ও স্বনামধন্য লেখকদের লেখা বাদ দিয়ে প্রথম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে বা পাঠ্যসূচিতে আনা পরিবর্তন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন। শিক্ষাসচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষাবিদ মমতাজ জাহান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন গত ২৩ ফেব্রুয়ারি রিট আবেদনটি করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন সৈয়দ মামুন মাহবুব ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হয়। পাশাপাশি কয়েকটি পাঠ্যপুস্তক থেকে নামকরা কয়েকজন প্রগতিশীল লেখকের কিছু গল্প-কবিতা বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে আন্দোলন চলছে। অভিযোগ উঠেছে, কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠন পাঠ্যবই থেকে যেসব বিষয় বাদ দেওয়ার দাবি করেছিল, এবারের পরিবর্তন তার সঙ্গে মিলে গেছে।