স্বনির্ভর করতে না পারলে পৌরসভাগুলোকে কোনো দিনই কার্যকর করা যাবে না। স্বনির্ভর হওয়ার জন্য লক্ষ্য অনুসারে পৌরসভাগুলোকে কর আদায় করতে হবে। ওই করের টাকা দিয়ে পৌরবাসীর সেবা নিশ্চিত করতে হবে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব কথা বলা হয়। কমিটি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছে। একই সঙ্গে সভায় লক্ষ্য অনুযায়ী কর আদায়ে ব্যর্থ পৌরসভাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সংসদীয় কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য আজিজুল হক চৌধুরী, আ ন ম শামশুল ইসলাম, হামিদা বানু শোভা উপস্থিত ছিলেন। পরিকল্পনা, আইএমইডি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; তথ্য মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন। সভায় পরিকল্পনা মন্ত্রণালয়কে গত তিন মাসে করা সুপারিশগুলোর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের অধিকাংশ পৌরসভাই এখনো স্বনির্ভরতা অর্জন করতে পারেনি। কিন্তু পৌর মেয়রসহ এর অন্যান্য কর্মকর্তা সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া টাকায় সবকিছু করেন।কমিটি সরকারি টাকায় পৌর কর্তাদের এই কাজ মোটেই বাঞ্ছনীয় নয় উল্লেখ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।সভায় স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়, যথাসময়ে অর্থ ছাড় না করায় উন্নয়ন প্রকল্পের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। তাই উন্নয়ন প্রকল্পের অর্থ দ্রুত ছাড়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়। কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। তথ্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে এই কমিটির করা সুপারিশগুলোর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়। সভায় তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংবাদপত্রসহ সব গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করতে এ-সংক্রান্ত আইনগুলো সমন্বিত করার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে কমিটির ১২তম সভায় সঠিক তথ্য ছাড়া সংবাদ পরিবেশনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রেখে আইন প্রণয়নের সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গতকাল এ কথা জানায়।সভায় বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো দেখানোর ব্যাপারে ভারতের সঙ্গে দ্রুততম সময়ে আলোচনার ব্যবস্থা করতে তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।