অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে স্বনির্ভর করার নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এসব পরিকল্পনা নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী এ ট্রাস্টের কাছে পাওনা স্বাধীনতা-পূর্ব ঋণ সুদ-আসল অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে। স্বাধীনতা-উত্তর ঋণের সুদ পর্যায়ক্রমে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ট্রাস্টের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান ও ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয় ট্রাস্টের যেসব জায়গা অব্যবহূত রয়েছে, সেসব জায়গায় বহুতল ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে হাটখোলা সড়কের জায়গায় বহুতল ভবনের সঙ্গে একটি বিদ্যালয় ও খেলার মাঠ করার সিদ্ধান্ত হয়।যেসব কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়েছে, সেগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।চট্টগ্রামের বাঁশখালী পেইন্টস ও এমজেসিপির জায়গায় ওয়্যার হাউস এবং নারায়ণগঞ্জের ডালপট্টিতেও আলাদা আলাদা বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৯৭২ সালে সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে। এ সময় তাদের ২২টি লাভজনক প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২টিতে।৩৯ বছরে ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে চালু আছে তিনটি। এর মধ্যে লাভজনক একটি। ট্রাস্টের সূত্রে জানা গেছে, সংস্থাটির ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময় সাতটি প্রতিষ্ঠানের পুঁজি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠান বিভিন্ন সময় গুটিয়ে ফেলা হয়েছে। বর্তমানে বন্ধ আছে ১০টি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠান বর্তমানে ভেঙে আবার নির্মাণাধীন। বাকি তিনটি প্রতিষ্ঠান কেবল চালু আছে। বৈঠকে ট্রাস্টকে লাভজনক করতে তিন বছরের কর্মপরিকল্পনা উত্থাপন করা হয়। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ২০১৪ সালের মধ্যেই ১৩৫ কোটি ৪৯ লাখ টাকা লাভ করতে পারবে বলে জানানো হয়। এ জন্য প্রথম বছরের জন্য সরকারের কাছে ৮১ কোটি ৫১ লাখ টাকা চাওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে ১৭ কোটি টাকা দিয়েছে।