স্বপদে শ্যামল কান্তি, কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি সরকারি তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষামন্ত্রী বলেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। তাই ওই কমিটি বাতিল করা হয়েছে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল বুধবার রাতে হাতে পান তিনি। প্রতিবেদন পর্যালোচনার পর আজ সিদ্ধান্ত জানালেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, তদন্তে দেখা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটি তাদের দায়িত্ব ও ভূমিকা পালন করতে পারেনি। তারা যোগ্যতার পরিচয় দিতে পারেনি। কমিটি অন্যায়ভাবে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। তাই শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল রাখা হয়েছে। এখন তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন। আর বিদ্যালয় পরিচালনা কমিটি অযোগ্য ও বাতিল ঘোষণা করা হয়েছে। আইন অনুসারেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এখন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে ওই বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যা করা দরকার, তা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন শিক্ষককে যেভাবে অপমান-অপদস্থ করা হয়েছে, কোনো সভ্য সমাজে তা খুঁজে পাওয়া যাবে না। তিনি ফের এই ঘটনার নিন্দা জানান।

শিক্ষকের অপমানে দেশজুড়ে মানুষের প্রতিবাদের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই প্রতিবাদই প্রমাণ করে, ন্যায়ের পক্ষের সংস্কৃতির বিলুপ্ত হয়ে যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কানে ধরে ওঠবস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি।

শিক্ষক লাঞ্ছনার বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।

শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন।