স্বপনের স্বপ্ন

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের আলোহীন চোখে স্বপ্ন নামে। তাঁর স্বপ্নগুলো আকাশ ছুঁতে চায়।
১০-১৫ বছর আগের কথা। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তখন সমাজ ছিল খুবই প্রতিকূল। সমাজ তাঁদের মানতেই চাইত না। তখনো স্বপন তাঁর বন্ধু ও সহপাঠীদের কাছে অবলীলায় স্বপ্নের কথা বলতেন।
শত বাধাবিপত্তি পেরিয়ে স্বপন নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন। কিন্তু তাঁর স্বপ্ন দেখা থামেনি। মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন স্বপন।
পুরো নাম মোহাম্মদ স্বপন চৌকিদার। তিনি আইন মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েছেন। নন ক্যাডারভুক্ত এই পদে প্রায় দেড় বছর ধরে কাজ করছেন তিনি।
কেমন আছেন, কাজকর্ম কেমন চলছে—জানতে চাইলে স্বপন বলেন, ‘ভালো আছি। তবে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী (বিশেষ সফটওয়্যার) নিজস্ব একটি কম্পিউটারসহ টুকটাক কিছু বিষয়ে সহযোগিতার পরিমাণ আরও একটু বাড়লে কাজের ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবে না।’
প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সরকারি আমলাদের সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন স্বপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাশের চেয়ারে একই পদে বা বড় পদে একজন প্রতিবন্ধী ব্যক্তি বসে আছেন, তা আমলারা সহজে মেনে নিতে চান না। বা মেনে নেওয়ার মানসিকতা এখনো অর্জন করতে পারেননি। তবে আস্তে আস্তে সেই চিত্র পাল্টাচ্ছে। আমার সহকর্মীরা যখন দেখেন, শুধু একটু সহযোগিতার হাত বাড়ালেই আমিও তাঁদের মতোই কাজ করতে পারি, তখন তাঁরা আমাকে আগের মতো আর ‘‘আপদ’’ মনে করেন না।’

নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপন বলেন, ‘আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি জীবনে সর্বোচ্চ পদে যেতে চাই। তারপর একজন মন্ত্রী হতে চাই।’
মন্ত্রী হওয়ার স্বপ্ন কেন—জানতে চাইলে স্বপন বলেন, এই স্বপ্ন পূরণ হলে তা শুধু তাঁর একার অর্জন হবে না, তা হবে প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত।
অন্যের স্বপ্ন পূরণ
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন ছিল স্বপনের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে তাঁর কল্যাণে অন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছেন।
কী সেই গল্প, তা জানতে ফিরে যেতে হবে একটু অতীতে। শরিয়তপুরের ছেলে স্বপন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ মনোবিজ্ঞান বিষয়ে আবার স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ২০০৮ সালে ২৮ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে চান স্বপ্ন। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহায়তায় আদালতে যান স্বপন। আদালত তাঁকে বিসিএস পরীক্ষায় অংশ নিতে দেওয়ার জন্য পিএসসিকে নির্দেশনা দেন। এরপর ৩৩ তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। কিন্তু শ্রুতিলেখক জটিলতার কারণে লিখিত পরীক্ষায় তাঁকে বহিষ্কার করা হয়।

সেদিনের সেই দুঃস্বপ্নের কথা বলতে গিয়ে স্বপন বলেন, ‘আমি হাইকোর্টের নির্দেশে প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারি। এর আগে এই নিয়মই ছিল না যে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পরীক্ষায় অংশ নেবেন। আমার বেলায় আমি দুজন শ্রুতিলেখকের জন্য আবেদন করি। পিএসসি একজনের অনুমতি দেয়। আরেকজনের কাগজপত্র জমা রাখে। আমার পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ে সেই শ্রুতিলেখকের নিজেরও পরীক্ষা ছিল। তাই তিনি আসতে পারেননি। অন্য শ্রুতিলেখককে নিয়ে গেলে আমাকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ। পরে প্রথম আলো আমাকে নিয়ে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করলে বাকি পরীক্ষা দেওয়ার অনুমতি মেলে। কিন্তু বাদ যাওয়া পরীক্ষা দুটো আর দিতে দেয়নি কর্তৃপক্ষ। ফলে আমার বিসিএস পাসের স্বপ্নও পূরণ হয়নি।’

স্বপনের ওই ঘটনার পর দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের একাধিক শ্রুতিলেখকের অনুমতি দেয় পিএসসি। দূর হয় আরও একটি বাধা। এ ঘটনায় ভীষণ খুশি স্বপন। তিনি বলেন, ‘আমি বিসিএস পাস করতে না পারলেও অন্যরা এ সুযোগ পাচ্ছেন। এটা অনেক বড় পাওনা।’
স্বপন অদম্য। লক্ষ্য তাঁর বহুদূরে। মনের মতো জীবনসঙ্গীর খোঁজ চলছে। মিলমতো কাউকে পেলে ঘর বাঁধবেন তিনি।