সুপরিসর কক্ষ। এক পাশে শেলফে সাজানো বই। আরেক পাশে টেবিলের সারি। পেছনে ইন্টারনেট কর্নার। শিশুরা পড়ছে, পাতা উল্টেপাল্টে দেখছে। শিক্ষকেরা পাঠদানের প্রয়োজনে অথবা নিজের প্রয়োজনে শেলফ থেকে খুঁজে নিচ্ছেন জরুরি বইটি। যেকোনো দরকারে হাসিমুখে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষক-গ্রন্থাগারিক কাজী মাহবুবা। কোন বই কোন শেলফে আছে—সবই তাঁর নখদর্পণে।
বলা হচ্ছে শহীদ বাকী স্মৃতি পাঠাগারের কথা। খিলগাঁও আবাসিক এলাকার পল্লীমা সংসদ নামটি বহুল পরিচিত। প্রায় ৫০ বছর আগে এখানকার কয়েকজন উদ্যোগী তরুণের হাত ধরে যাত্রা শুরু করেছিল সামাজিক-সাংস্কৃতিক এই সংগঠন। যার নেতৃত্বে ছিলেন হাফিজুর রহমান। খিলগাঁওয়ের একজন চৌকস সংগঠক হিসেবে অনেকের কাছেই পরিচিত তিনি। এখনো পল্লীমা সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে হাফিজুর রহমান দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পল্লীমা সংসদের পাঁচটি উদ্যোগের মধ্যে প্রথম শহীদ বাকী স্মৃতি পাঠাগার, যার পথচলা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের পরপরই, ১৯৭২ সালে।
শহীদ আবদুল্লা-হিল-বাকী ছিলেন পল্লীমা সংসদের সাংগঠনিক সম্পাদক। ১৯৭১-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। জন্ম মুন্সিগঞ্জের লৌহজংয়ে, ১৯৫০ সালের ১৯ জুন। পাকিস্তানি বাহিনীর নির্বিচারে গণহত্যা দেখে বসে থাকতে পারেননি ২০ বছরের যুবক বাকী। প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। দেশের নানা প্রান্তে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে ৩ ডিসেম্বর ঢাকায় ফেরেন। খিলগাঁও চৌরাস্তার সামনে সহযোদ্ধাদের নিয়ে ওত পেতে বসে ছিলেন শত্রুর সন্ধানে। দুর্ভাগ্য, ওই দিনই তিনি ও তাঁর যোদ্ধারা ধরা পড়েন। ক্যাম্পে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করে হানাদার বাহিনী। শহীদ বাকীর স্মৃতি ধরে রাখতে তাঁর নামে করা হয় এই পাঠাগার। শহীদ বাকীর নামে এলাকায় একটি সড়কও আছে।
১৯ জুলাই মঙ্গলবার সকালে পৌঁছাই পল্লীমা সংসদে। এই সংসদের আরেকটি উদ্যোগ শহীদ বাবুল একাডেমি। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আড়াই হাজার শিক্ষার্থী পড়ে এখানে। ছয়তলা একাডেমি ভবনের পঞ্চম তলায় শহীদ বাকী স্মৃতি পাঠাগার। প্রায় তিন হাজার বর্গফুটের পাঠাগারের দেয়ালে মনীষীদের ছবি।
আটটি টেবিল, প্রতিটিতে ছয়টি করে মোট ৪৮টি চেয়ার। পাঠাগারে বইয়ের সংখ্যা সাড়ে সাত হাজার। এর মধ্যে বাংলা ও ইংরেজি সাহিত্য, বিজ্ঞান কল্পকাহিনি, গোয়েন্দা কাহিনি, অনুবাদ সাহিত্য, জীবনী, রূপকথা, মুক্তিযুদ্ধ, ভ্রমণ গল্পের প্রাধান্য রয়েছে। এখানে খবরের কাগজ রাখা হয় ছয়টি। এর বাইরে আছে সাময়িকী, ঈদসংখ্যা, শিশুপত্রিকা।
সকাল সাতটায় পাঠাগারটি খোলে, বন্ধ হয় বেলা দেড়টায়। তবে এই সময়টা কেবল বাবুল একাডেমির শিক্ষার্থীদের জন্য। সাধারণ পাঠকদের জন্য সময় বেলা দুইটা থেকে রাত নয়টা। প্রতি রোববার বন্ধ। তা ছাড়া সরকারি ছুটির দিনও খোলা। গ্রন্থাগারিক দুজন। সকালের পালায় কাজী মাহবুবা, বিকেলে মফিজুল ইসলাম।
বর্তমানে নিবন্ধিত পাঠকের সংখ্যা ছয় শর ওপরে। তবে যে কেউ গিয়ে বই পড়তে পারেন। বই বাসায় নিতে হলে নিবন্ধন করতে হয়।
পল্লীমা সংসদের পাঠাগার সম্পাদক আউয়াল কামরুজ্জামান বললেন, প্রতিদিন গড়ে নিয়মিত পাঠক ২০ থেকে ২৫ জন। একেবারে আবাসিক এলাকা হওয়ায় অনেকেই বিকেল-সন্ধ্যায় ছেলে-মেয়ে-পরিবার নিয়ে আসেন। এর বাইরে চাকরিপ্রত্যাশী তরুণেরাও অনেকে এখানে এসে গ্রুপ স্টাডি করেন। প্রতিদিন প্রায় ২০টি বই পাঠকেরা বাসায় নেন।
নিবন্ধন খাতায় দেখা গেল, খিলগাঁও, মালিবাগ, শান্তিবাগ, গুলবাগ, সবুজবাগ, মীরবাগ, রামপুরা, গোড়ান, মুগদা এলাকার পাঠক বেশি।
শেলফে বই দেখছিলেন বাবুল একাডেমির ইংরেজি ভার্সনের শিক্ষক সুলতানা ফাহমিনা। বললেন, ক্লাসের অবসরে চলে আসেন পাঠাগারে। নিয়মিত বই নেন। শরৎচন্দ্র, শীর্ষেন্দু ও হুয়মায়ূন আহমেদের বই বেশি পড়া হয়।
এই পাঠাগারের অনেক সুহৃদ ছড়িয়ে আছেন দেশে-বিদেশে। কেউ কেউ বিদেশ থেকে ফেরার সময় পাঠাগারের জন্য উপহার হিসেবে বিভিন্ন মূল্যবান বই নিয়ে আসেন।
তবে এখানকার কিছু বই প্লাস্টিকের আবরণে মোড়ানো জরুরি। দরকার পাঠকদের মতামত সংগ্রহের ব্যবস্থা রাখা। দুটো বিষয়ে একমত হয়ে পাঠাগার সম্পাদক বললেন, খুব শিগগির এ ব্যাপারে উদ্যোগী হবেন।
কেবল বই পড়া নয়, পাঠাগারের পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী বইমেলা। এতে অংশ নিয়েছিল ৩২টি প্রতিষ্ঠান। সমাগম ঘটেছিল হাজারো পাঠকের।
জাতীয় গ্রন্থকেন্দ্র, সিটি করপোরেশন ও বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে নিয়মিত কিছু সহায়তা পেয়ে থাকে বাকী স্মৃতি পাঠাগার। সুপ্ত একটি ইচ্ছার কথা বললেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, ‘যদি কিছুটা আর্থিক অনুদান মেলে, ভবিষ্যতে একটা ভ্রাম্যমাণ পাঠাগার গড়ার ইচ্ছে রয়েছে আমাদের।’