স্বপ্ন তাঁর 'বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক নিয়ে প্রচারে আনোয়ার হোসেন
মাইক নিয়ে প্রচারে আনোয়ার হোসেন

‘হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুলছাত্রী’ স্লোগান নিয়ে বাল্যবিবাহ রোধ ও এর কুফল সম্পর্কে সারা দেশে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন আনোয়ার হোসেন তালুকদার (৫০)। তিনি গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রচার চালান।
রোববার আনোয়ার হোসেন চুয়াডাঙ্গায় আসেন। জেলার অন্য তিন উপজেলা চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও আলমডাঙ্গায় প্রচারণা চালান তিনি। এ সময় তিনি জেলা প্রশাসক সায়মা ইউনুস, চার ইউএনও ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি ঝিনাইদহে যাবেন।
আনোয়ার হোসেনের বাড়ি বগুড়া সদর উপজেলার বারপুর গ্রামের উত্তরপাড়ায়। তিনি লাল সাইকেলে চেপে লাল রঙের পোশাক (প্যান্ট, গেঞ্জি, জুতা, টুপি, সানগ্লাস) ও লাল রঙের মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘লাল রং বিপদের প্রতীক। সবকিছুতেই লাল রং ব্যবহার করে বোঝাতে চেয়েছি, বাল্যবিবাহ খুবই বিপজ্জনক।’
আনোয়ার হোসেন ২০১৫ সালের ১৩ জানুয়ারি প্রথম জেলা পর্যায়ে বগুড়া থেকে প্রচারাভিযানে নামেন। সে সময় ৬৭ দিনে দেশের ৬৪ জেলায় প্রচার শেষ হয়। এবার গত ১৭ অক্টোবর থেকে উপজেলা পর্যায়ে প্রচার শুরু করেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ‘আমার দুই ভাগনির বাল্যবিবাহ হয়েছিল। কিন্তু সংসার বেশি দিন টেকেনি। যেখানে যাই, বাল্যবিবাহের শিকার মেয়েদের করুণ পরিণতি দেখি। এখন স্বপ্ন দেখি বাল্যবিবাহমুক্ত বাংলাদেশের। সেই লক্ষ্যে এই প্রচারে নেমেছি।’