স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কদিন আর বাঁচব। আমার জীবন তো শেষ, তবে আমার ছেলেমেয়ে, নাতি-নাতনিদের দুঃখ-দুর্দশা লাঘব হবে।’ এই মন্তব্য পঞ্চগড় সদর উপজেলার গারাতি ছিটমহলের শহিদুল হকের (৬৫)। একই ছিটমহলের বাসিন্দা আবদুস শহীদ (৭০) বললেন, ‘অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পাচ্ছি, পাব দেশ। শেষ বয়সে এসে রাজনৈতিক ও সামাজিক অধিকারও পাব। ভোগ করতে পারব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা।’
ভারতের লোকসভায় স্থলসীমান্ত বিল পাস এবং এর ফলে দুই দেশের ছিটমহল বিনিময় হতে যাওয়ার খবরে এভাবেই প্রতিক্রিয়া জানালেন গারাতি ছিটমহলের দুই বয়স্ক বাসিন্দা। ছিটমহল বিনিময়ের লক্ষ্যে পঞ্চগড়ে গতকাল রোববার থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
ছিটমহলের বয়স্ক বাসিন্দারা যেমন জীবনের শেষ প্রান্তে এসে কোনো একটি দেশের নাগরিকের মর্যাদা পাওয়ার কথা ভেবে খুশি, তেমনি খুশি তাঁদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। তারা এখন থেকে লেখাপড়া, কর্মসংস্থানসহ সব ধরনের সুবিধা পাবে।
গারাতি ছিটমহলের জরিনা বেগম (৬০) বললেন, ‘ছেলেমেয়ের বিয়ে দিতে অসুবিধা হতো। লেখাপড়া করাতে পারতাম না। স্কুল-কলেজে ভর্তি করতে পারতাম না। তবে এখন আর আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না।’
ওই ছিটমহলের পুকুরীডাঙ্গা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া আকতারের কথা, ‘মিথ্যা ঠিকানা দিয়ে স্কুলে ভর্তি হতে হয়েছে। এখন নিজের পরিচয়ে পড়াশোনা করতে পারব।’ একই ছিটমহলের কিশোরী সুমি বলে, ‘এখন যেকোনো স্কুলে ভর্তি হতে পারব, লেখাপড়া করতে পারব, পাব উপবৃত্তি, আমার খুব ভালো লাগছে।’
দশকের পর দশক ধরে উন্নয়নের ছোঁয়াবঞ্চিত অবহেলিত জনপদ ছিল ছিটমহলগুলো। এখন সরকার সেখানকার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছে বাসিন্দারা। গারাতি ছিটমহলের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. বছিরউদ্দিন (৭০) বলেন, ‘রাস্তাঘাট নাই। শুকনা সময়ে চলাচল করতে পারলেও বর্ষাকালে খুবই অসুবিধা হয়। টোকাপাড়া থেকে কানাপাড়া এবং আমবাড়ী থেকে ইয়ারপাড়া সড়কটি দ্রুত পাকা করতে হবে।’
গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান বলেন, ‘ছিটমহল বিনিময় হলে রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল স্থাপন, বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের বিশেষ উদ্যোগ নিতে হবে।’
বিনিময়ের লক্ষ্যে কাজ শুরু: ছিটমহলের জনসংখ্যা ও জমির পরিমাণ নিরূপণে গতকাল থেকে একযোগে কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। এর আগে গত শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে নাজিরগঞ্জ-দৈখাতা ছিটমহলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
সমন্বয় কমিটির নেতারা জানিয়েছেন, এই কাজ শেষ হলে ছিটমহলগুলোর জনসংখ্যা ও জমির প্রকৃত পরিমাণ জানা যাবে। প্রতিটি ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হবে। নেতারা আরও জানান, ১৯৫৮ ও ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী জমির পরিমাণে অনেক হেরফের রয়েছে। আবার ২০১১ সালের হেড কাউন্টিং অনুযায়ী জনসংখ্যাও অনেক কম দেখানো হয়েছে। এই কার্যক্রম শেষ হলে সব ধরনের তথ্যের হালনাগাদ হিসাব পাওয়া যাবে।
পুঁটিমারী ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান তছলিম উদ্দিন বলেন, ‘গতকাল সকাল থেকেই আমাদের নাগরিক কমিটির নেতারা বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করছেন। ছিটমহলের নাগরিকেরাও তাঁদের সঠিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করছেন।’