স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, ‘আপনারা সকলেই আলাদা কিছু একটা করুন। আপনাদের সবার মধ্যেই সেই সম্ভাবনা আছে। নতুন কিছু করার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখাতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আপনাদের উদ্যোক্তা হতে হবে। দশজনের দ্বারে দ্বারে যেতে হবে না। দশজনই আপনার দ্বারে আসবে।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার শিক্ষার্থীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী সাবিরুলের এ বক্তৃতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)।
স্বপ্ন বেচেই স্বপ্ন দেখানদুই ঘণ্টা ধরে চলা বক্তৃতায় বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন এই উদ্যোক্তা বলেন, ‘আপনাদের অনেক দূর এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। নিজেকে চিনতে হবে। নিজেকে জানতে হবে। নিজের কাজটুকু ভালোভাবে করতে হবে। সুষ্ঠুভাবে কাজের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।’
সাবিরুলের এই একক বক্তৃতার যৌথ আয়োজক ছিল ‘ড্রিম আইটি সলুশন ও বিডুকেশন’। বক্তৃতা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, অর্থনীতি বিভাগের মহিউদ্দিন হোসাইন, মার্কেটিংয়ের নুরুন্নবী ইসলাম ও হিসাববিজ্ঞানের হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শিক্ষার্থী সাদিয়া কবির। বক্তৃতার পর প্রায় আধা ঘণ্টা সাবিরুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতি দেখে তিনি মুগ্ধ হয়ে বলেন, ‘আমি উদ্যোক্তা তৈরি করার জন্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশকেই বেছে নিই। বাংলাদেশে আমি লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে চাই।’
তিনি জানান, প্রচলিত শিক্ষাব্যবস্থায় তাঁর আস্থা ছিল না। তিনি বলেন, ‘আমি আলাদা কিছু করতে চেয়েছিলাম। ইতিবাচক স্বপ্ন সব সময় আমার মধ্যে ছিল।’