জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতার গল্প শুনিয়ে স্বপ্ন দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম।
গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ শীর্ষক অনুষ্ঠানে সাবিরুল ইসলাম তাঁর সফলতার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রথম আলোর সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘ক্যারিয়ার ক্লাব’।
সাবিরুল ইসলাম বলেন, ‘আমাদের সমাজ, পরিবার আমাদের সফল হতে বলে। তারা সফল বলতে বোঝায় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু না, তোমরা যা হতে চাও তা-ই হবে। তোমাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখো, সামনে এগিয়ে নিয়ে যাও।’
সাবিরুল বলেন, ‘যুক্তরাজ্যে যেখানে আমি থাকি, সেখানে অনেক বাঙালি থাকেন। উদ্যোক্তা হতে চাই—এ কথা আমি যখন তাঁদের বললাম, তখন কেউই আমাকে উৎসাহ দেননি। অনেক নেতিবাচক কথা শুনিয়েছেন। কিন্তু আমি থেমে যাইনি, এগিয়ে চলেছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের শিক্ষক মো. ফখরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
সাবিরুল ২০১০ সালে পৃথিবীর ২৫ জন তরুণ শিল্পোদ্যোক্তার মধ্যে একজন নির্বাচিত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ-বাংলাদেশির তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর লেখা বই দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট-এর ৬০ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। তিনি এখন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা।